নিউজমেট্রো

উৎসবমুখর পরিবেশে চলছে চট্টগ্রাম চেম্বার নির্বাচন

7b813785-c520-4ae9-b6ea-dbb1b120df90
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘদিন পর দেখা গেল চট্টগ্রাম চেম্বার নির্বাচনকে ঘিরে ভোটারদের ব্যাপক উপস্থিতি। চেম্বারের ইতিহাসে ‘লতিফ যুগ’-এ বার বার বিনা ভোটে চেম্বার বোর্ড নির্বাচিত হয়েছিল। চট্টগ্রামের ব্যবসায়ীদের ভোট দিয়ে নিজেদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ ছিলনা তখন। এবারের নির্বাচনে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেলেও মূল দুই প্রতিদ্বন্দ্বী প্যানেলের মধ্যে একটি প্যানেল নির্বাচন প্রত্যাখ্যান করায় একটি মাত্র প্যানেলের প্রার্থীদের উপস্থিতিতেই এ ভোট অনুষ্ঠিত হচ্ছে।

চেম্বার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম জানান, সকাল নয়টা থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটারদের ব্যাপক উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে।

চেম্বার নির্বাচন ঘিরে নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও আশেপাশের এলাকা জমজমাট রূপ ধারণ করেছে সকাল থেকেই। বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে নির্বাচনী ক্যাম্প বসানো হয়েছে সেন্টারের বাইরে। ভোটকেন্দ্রে প্রবেশের মুখেই প্রার্থী, ভোটার ও প্রার্থীর কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে তৈরি হয়েছে এক ধরণের উৎসবমুখর পরিবেশে। মোহাম্মদ আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের প্রার্থীরা প্রবেশ পথে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। তবে ভোট প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়ে আগের দিনই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এস এম নুরুল হকের নেতৃত্বাধীন প্যানেল সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।

ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম চেম্বারে নির্বাচনের সংস্কৃতি হারিয়ে গিয়েছিল। দীর্ঘদিন পর ব্যবসায়ীরা নিজেদের প্রতিনিধি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। যে কারনে দলে দলে তাঁরা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। তিনি বলেন, এ ধরণের সুন্দর ও উৎসবমুখর পরিবেশে চেম্বার নির্বাচন দীর্ঘদিন দেখা যায়নি। সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের ভোট প্রত্যাখ্যানের ঘোষণাকে সাধারণ ব্যবসায়ীরা গ্রহণ করেনি। ভোটারের ব্যাপক উপস্থিতিতেই তার প্রমাণ মিলছে।

প্রসঙ্গত, অর্ডিনারী গ্রুপের ১২টি ও এসোসিয়েট গ্রুপের ৬টি পরিচালক পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার অর্ডিনারী গ্রুপে ৪হাজার ১জন ও এসোসিয়েট গ্রুপে ২ হাজার ৭৬৪ জন ভোটার রয়েছেন।

Exit mobile version