বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম চেম্বার নির্বাচন আজ

বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম চেম্বার নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক :
নানা আইনী জটিলতা পেরিয়ে অবশেষে আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বহু প্রতীক্ষিত নির্বাচন। তবে ভোট শুরুর মাত্র ১৬ ঘন্টা আগে এ প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে ভোট প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্যানেল ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’।
চট্টগ্রাম চেম্বার সূত্র জানায়, চেম্বার নির্বাচন বোর্ডের ঘোষণা অনুযায়ী আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চেম্বার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) মনোয়ারা বেগম।
গত বছর ১১ আগস্ট চট্টগ্রাম চেম্বার নির্বাচনের তফশিল ঘোষণা করেছিল নির্বাচন বোর্ড। তফশিলে চট্টগ্রাম চেম্বারের সঙ্ঘবিধি অনুযায়ী অর্ডিনারী গ্রুপ, এসোসিয়েট গ্রুপ, ট্রেড গ্রুপ ও টাউন এসোসিয়েশন- এ চার ক্যাটাগরি থেকে মোট ২৪ জন পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করা হয়। এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদেও দু’টি প্যানেল ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নামে। সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হকের নেতৃত্বে ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’ ও মোসমার্ক গ্রুপের চেয়ারম্যান এস এম নুরুল হকের নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।
নির্বাচনে চারটি ক্যাটাগরির মধ্যে টাউন এসোসিয়েশন ও ট্রেড গ্রুপ থেকে ইউনাইটেড বিজনেস ফোরামের ৬ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যায়। অন্যদিকে সম্মিলিত ব্যবসায়ী ফোরাম এই দু’টি ক্যাটাগরি নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার জন্য আদালতের শরানাপন্ন হয়। এই জটিলতায় গত নয় মাস নির্বাচন ঝুলে থাকে। সর্বশেষ গত ১৮ মে নির্বাচন বোর্ড এক বিজ্ঞপ্তিতে ২৩মে চেম্বার নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে। সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস এম নুরুল হকের দায়ের করা এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ২১ মে দুপুরে হাইকোর্ট চেম্বার নির্বাচনের ওপর ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেন। কিন্তু বিকেলে চেম্বার জজ আদালত হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে দিলে নির্বাচন অনুষ্ঠানের বাধা কেটে যায়।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রত্যখ্যানের ঘোষণা : শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় নগরী হোটেল রেডিসনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩ মে’র চেম্বার নির্বাচনকে অবৈধ, বেআইনী ও প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যানের ঘোষণা দেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস এম নুরুল হক। এ নির্বাচনে ভোট দানে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুপ্রীম কোর্টের আপীল বিভাগের নির্দেশে বাণিজ্য সংগঠন সমূহের অভিভাবক এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনাল ঘোষিত তফশিলকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ এর আলোকে নতুন ভাবে তফশিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা দিয়েছেন। কাজের ২৩ মে তারিখে পূর্বের তফশিলে নির্বাচন আয়োজন আদালতের রায়ের সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন বোর্ডের এ পদক্ষেপ সম্পূর্ণ বেআইনী, পক্ষপাতমূলক ও আরোপিত বলে আমাদেও কাছে প্রতীয়মান হচ্ছে। এর মাধ্যমে সাধারণ ব্যবসায়ীদেও ভোটাধিকার পাশ কাটিয়ে একটি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে স্বার্থান্বেষী মহলের চেম্বার দখলের মহড়া অনুষ্ঠিত হবে। যা চেম্বারের সদস্যরা কিছুতেই মেনে নেবেনা।
এদিকে, ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার মোহাম্মদ আমিরুল হক বলেছেন উৎসবমুখর পরিবেশে ২৩ মে’র চেম্বার নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর ব্যবসায়ীরা চট্টগ্রাম চেম্বার নির্বাচনে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন। তিনি চেম্বার সদস্যদের স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটের মাধ্যমে আগামী দিনের ব্যবসায়ী নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।
চেম্বার সূত্র জানায়, এ নির্বাচনের মধ্য দিয়ে অর্ডিনারী গ্রুপ থেকে ১২ জন ও এসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন পরিচালক নির্বাচিত হবেন। অর্ডিনারী গ্রুপে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ১জন এবং এসোসিয়েট গ্রুপের ভোটার সংখ্যা ২ হাজার ৭৬৪ জন।

Exit mobile version