রামিসা হত্যা মামলার আসামীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার আসামীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। এ ঘটনায় দায়ের করা মামলার বিচার  আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এসব কথা বলেন। 

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার পর পালিয়ে যাওয়া আসামিকে সাত ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। আসামি একদিনের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। 

তিনি বলেন, আমরা দ্রুত আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছি। সেই টেস্ট তিন দিনের সময় লাগে, তিন দিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। রিপোর্ট কালকে বিকেলে জমা দেওয়া হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টটা এরই মধ্যে আমরা হাতে পেয়েছি ।  

তিনি আরও বলেন, এগুলো সব একসঙ্গে করে, কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কাল রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজ আদালতে সেটা দাখিল করা হবে, হয়তো এরই মধ্যে হয়ে গেছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আদালতের ছুটি থাকলেও এ মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালতের ছুটি চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন; এটা আইন মন্ত্রণালয় ডিল করছে।

তিনি বলেন, শুধু এই মামলাটি ডিল করার জন্য আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যেই চার্জশিট দেওয়া হবে এবং খুব সম্ভবত পাঁচ থেকে সাত দিনের  মধ্যে এই বিচার সমাপ্ত হবে।

Exit mobile version