চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি সীকম গ্রুপের আমিরুল হক – সিনিয়র সহ সভাপতি আমজাদ হেসেন – সহ সভাপতি মশিউল আলম

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার মোহাম্মদ আমিরুল হক। সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসাইন চৌধুরী। সহ সভাপতি হয়েছেন মনোয়ারা ট্রেডিং এর সত্ত্বাধিকারি মোহাম্মদ মশিউল আলম স্বপন। সোমবার (২৫ মে) দুপুরে নব নির্বাচিত পরিচালকদের ভোটে চেম্বার নতুন প্রেসিডিয়াম গঠন করা হয়।
প্রেসিডিয়াম নির্বাচনের পর নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আমিরুল হক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চট্টগ্রাম চেম্বারকে একটি আত্মমর্যাদাশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি চেম্বারের আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, চট্টগ্রাম চেম্বার পরিচালিত হবে বোর্ড অব ডিরেক্টরস এর মাধ্যমে। চেম্বারে নির্বাচনের যে ধারা শুরু হয়েছে সেটা অব্যাহত থাকবে। কোন রেজিম পরিবর্তন হোক কিংবা নতুন রেজিম আসুক – দুই বছর পর পর নেতৃত্ব নির্বাচনের যে ধারা সেটা কখনো বন্ধ হবেনা।
মর্যাদা ও স্বচ্ছতা বজায় রেখেই চেম্বার পরিচালনার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি বিনির্মাণে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চান তিনি। তরুণ ও নারী উদ্যোক্তাদের ইকোনোমিক প্লাটফর্ম এর সঙ্গে যুক্ত করা আমার প্রথম স্বপ্ন। এজন্য তরুণ উদ্যোক্তা ও নারীদের সম্পৃক্ত করে একটি রিফর্ম কমিটি গঠন করা হবে।
রাজনৈতিক বিভাজনের উর্ধ্বে উঠে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার কোন ইচ্ছা নেই। আমার দর্শন হলো, একজন ব্যবসায়ীর রাজনীতিতে যাওয়া উচিত নয়। প্রত্যেকের নিজ নিজ রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। কিন্তু এখানে আসার পর সবাই এই চেম্বারের মানুষ, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি। দল যার যার চেম্বার আমাদের সবার- এটাই আমি বিশ^াস করি।
চেম্বার সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১১টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে নতুন প্রেসিডিয়াম গঠনের লক্ষ্যে পরিচালকদের সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে নবনির্বাচিত পরিচালক মোঃ নাসির উদ্দিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন। এতে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আমিরুল হক সভাপতি, মোঃ আমজাদ হোসেন চৌধুরী সিনিয়র সহ-সভাপতি ও মোহাম্মদ মসিউল আলম স্বপন সহ-সভাপতি নির্বাচিত হন।

Exit mobile version