চট্টগ্রাম মোহামেডান ক্লাবের ওপর হস্তক্ষেপের অধিকার ঢাকা মোহামেডানের নেই
স্পোর্টস ডেস্ক :
চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকান্ডের উপর হস্তক্ষেপের কোন এখতেয়ার ঢাকা মোহামেডানের নেই মন্তব্য করে ক্লাবের সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেছেন, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক নিজস্ব গতিতে বিগত ৭৫ বছরের ঐতিহ্য ধরে রেখেই চলবে। একটি গৌরবময় প্রতিষ্টানের উপর একটি অবৈধ কমিটি চাপিয়ে দেওয়াটা শুধু গর্হিত কাজই নয়, বরং অবিচার বটে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ক্লাবের গভর্নিং বডির সভাপতি শওকত আজ খাজা বলেন, এটি কারো শাখা বা অধীনস্থ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে। কখনো ঢাকা মোহামেডান কিংবা অন্য কোন সংগঠন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকান্ডে কোন ধরনের হস্তক্ষেপ বা সহযোগিতা, সহমর্মিতা কোনটাই করেনি বা চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব তার প্রয়োজনীয়তাও বোধ করেনি। কিন্তু হঠাৎ করে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লি: কর্তৃক চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটি এডহক কমিটি গঠন করে দিয়েছে যা চট্টগ্রাম সম্পূর্ণ বেআইনি এবং এখতিয়ার বহির্ভুত। এ ধরনের হটকারী কমিটি গঠনের মাধ্যমে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লি: চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব এর লক্ষ লক্ষ সমর্থকের মনে আঘাত দিয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি বলেন, একটি স্বাধীন স্বতন্ত্র্র ক্লাবের একটি বৈধ কমিটির বিপরীতে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লি: কর্তৃক একটি এডহক কমিটি প্রদান সম্পূর্ণ বেআইনী এবং অনৈতিক। যারা এধরনের গর্হিত কাজ করেছেন তারা অন্তত আলোচনা করতে পারতেন। যাকে সভাপতি করা হয়েছে রাজনৈতিকভাবে আমরা একই আদর্শের এবং আমরা তার সহকর্মী। তিনি আমাদেরকে তার প্রত্যাশার কথা জানাতে পারতেন। আমরা তার সাথে আলোচনা করে একটি সমাধানে পৌছানোর চেষ্টা করতাম। কিন্তু তিনি সেটা করেননি। আর তাতে একজন রাজনৈতিক সহকর্মী হিসেবে আমরা নিজেরাও বিব্রত। তবে তিনি এখনো আলোচনার পথ খোলা রয়েছে বলে জানান। মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ঢাকা মোহামেডান যাকে চট্টগ্রাম মোহামেডানের সাধারন সম্পাদক বানিয়ে দিয়েছেন তিনি এক এগারোর কুশিলব বর্তমানে কারাবন্দী জেনারেল মাসুদ উদ্দিনের দোসর। যে মাসুদ উদ্দিনের হাতে নির্যাতিত হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তেমনই একজন ঘৃণিত এবং চিহ্নিত দোসরকে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা হিসেবে ক্লাবটির লক্ষ লক্ষ সমর্থক কোনদিন মেনে নেবেনা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, কোষাধ্যক্ষ ইয়াছিন আরাফাত পাবলু, আবু বকর ছিদ্দিক, মাসুদুর রহমান মাসুদ, নেয়ামত উল্লাহ তৌহিদ, ফজলুল হক সুমন, দিদার হোসেন, দিদারুল আলম জাবেদ, এডভোকেট ওমর চৌধুরী, সমর্থক গোষ্ঠী সভাপতি শিবলী নোমান সিফাত, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হায়দার খান, মোঃ বেলাল, শওকত খান রাজু, মিয়া হারুন, শেখ আলম রাজু, নুর খান, সাগির আলম, আনোয়ার হোসেন, গোলাম ইয়াজদী, শওকত আলী প্রমুখ।
