নবীন আইনজীবীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক :
সততা ও নিষ্ঠার সাথে আইন পেশা পরিচালনা ও গরীব দুস্থ অসহায় বিচারপ্রার্থীদের পাশে দাড়ানোর জন্য নবীন আইনজীবীদের আহবান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এম.পি। রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা আইনজীবী অডিটোরিয়ামে নবীন আইনজীবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, জুলাই বিপ্লবের সময় চট্টগ্রাম হতে ছাত্রদলের সোনালী ফসল শহীদ ওয়াসিম, শহীদ এড. সাইফুল ইসলাম আলিফ, জুলাই যুদ্ধে শহীদসহ ১৭ বছরের ফ্যাসীবাদের বিরুদ্ধে শহীদ হওয়া, পঙ্গু হওয়াদের স্মরণ করেন। অন্যান্য পেশায় প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন। এজলাস সংকটসহ আদালতের অন্যান্য সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
সমিতির সভাপতি জনাব তারিক আহমদের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন। তিনি নবীন আইনজীবীদের স্বাগত জানানোর পাশাপাশি স্থানীয় আইনজীবীদের বিভিন্ন যৌক্তিক ও দীর্ঘদিনের দাবি দাওয়া তুলে ধরেন। তিনি বলেন, পর্যাপ্ত জমির অভাবে চট্টগ্রামে আইনজীবীদের তীব্র চেম্বার সংকট দেখা দিয়েছে। এছাড়া আদালতের এজলাস সংখ্যা কম হওয়ায় এবং অবকাঠামোগত নানা সীমাবদ্ধতার কারণে বিচারকার্য পরিচালনায় বেগ পেতে হচ্ছে। সাধারণ সম্পাদক নবীন ও জুনিয়র আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন এবং জীবনযাত্রার সহায়তার জন্য বিশেষ সরকারি প্রণোদনার ব্যবস্থা করার জোর দাবি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের পক্ষ থেকে যে চরম নির্যাতন ও দমন পীড়ন চালানো হয়েছে, দেশের মানুষ তা ভুলে যায়নি। ওই দুঃসময়ে নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে আইনজীবীরা যেভাবে আইনি সহযোগিতা দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আগামী দিনেও আইনজীবীদের এই সহযোগিতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নানা অবিচার ও শোষণের কথা স্মরণ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা সবসময়ই অনন্য ও আপসহীন ছিল। আগামীতেও সেই ভূমিকা ধরে রাখতে হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় অতিরিক্ত সচিব মো: খাদেম উল কায়েস, চট্টগ্রামর জেলা ও দায়রা জজ জনাব কাজী আবদুল হান্নান, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান সরকার এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
