টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের আদেশ
নিজস্ব প্রতিবেদক :
ছাব্বিশটি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি পঠনের আদেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্ত শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।
দেশের বাজারে বিক্রি হচ্ছে এমন ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় স্বাধীন তদন্ত চেয়ে আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুনের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার (২৮ জুলাই) এ আদেশ দেন।
এ বিষয়ে আগামী ২৫ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য বলেছেন আদালত। ওইদিন এ বিষয়ে শুনানি হবে বলেও জানানো হয়।
আদালত সূত্র জানায়, রিট আবেদনে স্বাস্থ্য সচিব, পরিবেশ সচিব, বাণিজ্য সচিব, বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদকে বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসডো) এক বৈজ্ঞানিক গবেষণায় ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে (৭৬.৫%) মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা মিলেছে।
