ব্যবসায়িক কার্যক্রমে জ্ঞান বিনিময়, গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১৭ অক্টোবর বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কনফারেন্স হলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে চেম্বারের পক্ষে চেম্বার সভাপতি আমিরুল হক এবং চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য প্রফেসর ড. এমএম নুরুল আবছার স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে চেম্বার সভাপতি আমিরুল হক বলেন-শিল্প খাত ও শিক্ষাঙ্গনের মধ্যে কার্যকর সহযোগিতা দক্ষ মানবসম্পদ উন্নয়ন, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরণের উদ্যোগ ও সহযোগিতা ব্যবসায়িক খাতের বাস্তব চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ উচ্চশিক্ষা ও গবেষণার সমন্বয় সাধনের মাধ্যমে নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করবে। তিনি বলেন-কৌশলগত ভৌগোলিক অবস্থানজনিত বাস্তবতার কারণে চট্টগ্রাম অবশ্যই আঞ্চলিক লজিস্টিক্স ও বিনিয়োগ হাবে পরিণত হবে। এছাড়া সরকারের লক্ষ্য অনুযায়ী আগামী ১ বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরিতে বিনিয়োগ যেমন দরকার তেমনি দক্ষ মানবসম্পদ তৈরিও প্রয়োজন। এসব জনসম্পদ যখন কাজে যোগ দিবে তখন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো গতিশীল হবে। এসব কারণে ইন্ডাস্ট্রি’র চাহিদানুযায়ী বাস্তব ব্যবসায়িক জ্ঞানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করতে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কলাবোরেশনের কোন বিকল্প নেই।
চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য প্রফেসর ড. এমএম নুরুল আবছার বলেন- সিআইইউ একটি অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মানসম্মত শিক্ষার বিস্তার ও দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, নারী উদ্যোক্তা উন্নয়ন, চীনা ও জাপানি ভাষা শিক্ষা কোর্স চালু এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিকদের জন্য বাংলা ভাষা শিক্ষা প্রদানের মতো উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষা ও সমাজ উন্নয়নে অবদান রাখছে। তিনি আরো বলেন-দেশের শতবর্ষী বাণিজ্য সংগঠন চেম্বারের সাথে এ ধরণের সমঝোতা ব্যবসায়ীদের চাহিদার আলোকে কারিকুলাম তৈরির মাধ্যমে সিআইইউ’র শিক্ষার গুণগত মানোন্নয়নে আরো উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ বলেন-বাণিজ্য সংগঠনের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের এ ধরণের সমঝোতা ও সহযোগিতা অর্থনীতি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সমঝোতা স্মারক কাগজের মধ্যে না রেখে তা বাস্তবায়নের জন্য উভয়পক্ষকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
চেম্বারের প্রাক্তন সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী সমঝোতা স্মারককে কার্যকর করতে চেম্বার কর্তৃপক্ষ ও সিআইইউ’র শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠনের মাধ্যমে অগ্রাধিকারমূলক খাত নিরুপন করে শিক্ষা ও গবেষণা জোরদারের আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ গোলাম সরওয়ার, শান শাইন গ্রামার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান, সিআইইউ’র স্কুল অব বিজনেসের প্রফেসর ড. সৈয়দ মঞ্জুর কাদের ও প্রফেসর ড. ইমন কল্যাণ চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বর সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির (ছুট্টু), আবু হায়দার চৌধুরী (আমজাদ), মোহাম্মদ মনির উদ্দিন, মোঃ আফসার হাসান চৌধুরী (জসিম), আসাদ ইফতেখার, মোহাম্মদ নুরুল ইসলাম শহীদুল আলম ও মোঃ সেলিম নুর এবং চট্টগ্রামস্থ রপ্তানি উন্নয়ন ব্যুরো’র পরিচালক মোঃ দিদারুল আলমসহ সিআইইউ’র ট্রাস্ট্রি সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি






