Home Blog Page 16

নাফ নদীতে অস্ত্রের মুখে ট্রলারসহ ৪ জেলেকে অপহরণ

নাফ নদীতে অস্ত্রের মুখে  ট্রলারসহ ৪ জেলেকে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে ট্রলারসহ বাংলাদেশি ৪ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে মিয়ানমার নিয়ে গেছে সশস্ত্র লোকজন। আরাকান আর্মির সদস্যরা্ তাঁদের অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার মো. হাছান (৩০), আবদুর রহিম (২০), মো. জাবের (২৬) ও মো. হাসান (১৬)।

কোস্ট গার্ড সূত্র জানায়, মঙ্গলবার সকালে ট্রলার নিয়ে নাফ নদীর মোহনায় মাছ ধরছিলেন জেলেরা। এসময় মিয়ানমার দিক থেকে একটি স্পিডবোট যোগে আসা সশস্ত্র লোকজন ট্রলারসহ বাংলাদেশি জেলেদের নিয়ে মিয়ানমার অভ্যন্তরে চলে যায়।

স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে বাংলাদেশী জেলে অপহরণের বিষয়টি অবহিত হয়েছেন জানিয়ে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে বিজিবিসহ সংশ্লিষ্টরা তৎপরতা চালাচ্ছেন। আরাকান আর্মির লোকজনই বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে থাকতে পারে  বলে ধারণা করা হচ্ছে।

 

ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজনে ইসির প্রস্তুতি

ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজনে ইসির প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক :
আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের টার্গেট নিয়ে প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)  উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কারসহ নির্বাচন করতে হয় সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এ বছরের শেষ নাগাদ ডিসেম্বর ২০২৫–এ ইলেকশন; আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে ২০২৬–এর জুন নাগাদ ইলেকশন করা সম্ভব।’ আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান এখনো অপরিবর্তিত বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে আবুল ফজল বলেন, একটি প্রশ্ন এসেছিল, দুটো নির্বাচন একসঙ্গে করা যায় কি না।
নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সব কটি স্থানীয় সরকারের নির্বাচন ধাপে ধাপে করতে গেলে এক বছর সময় লেগে যায়। পুরোপুরি এভাবে স্থানীয় সরকারের নির্বাচন করতে হলে জাতীয় নির্বাচনের সময় পিছিয়ে যাবে। জাতীয় নির্বাচন এখন নির্বাচন কমিশনের অগ্রাধিকার। নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই এ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। তবে সরকার যদি সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের, সেটা সেভাবে বাস্তবায়ন করতে হবে। এটা সরকারের সিদ্ধান্ত।
ইউএনডিপি ছাড়াও বৈঠকে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা, জার্মানি, চীন, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ইইউ, তুরস্কের প্রতিনিধিরা অংশ নেন।

দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বিশ্বে ১৪তম স্থানে বাংলাদেশ

দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বিশ্বে ১৪তম স্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) স্কোর হিসাবে বিগত ১৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ধানমন্ডি টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ড. মো ইফেতারুজ্জামান এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩। যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর স্কোর বিবেচনায় উচ্চক্রম অনুসারে দুই ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫১তম এবং নিম্নক্রম অনুসারে ১৪তম। একই স্কোর নিয়ে তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১৫১তম অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ১৭ পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্কোর ও অবস্থানে রয়েছে। এ অঞ্চলে আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর ও অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন।

ইফেতাখারুজ্জামান বলেন, বাংলাদেশের এ বছরের নিম্ন স্কোর ও অবস্থান প্রমাণ করে যে, বিগত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও, বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে, এমনকি দুর্নীতি সংঘটনে সহায়তা ও অংশগ্রহণ করেছে। এর প্রভাবে যথেচ্ছ লুটপাট, দুর্নীতিবাজদের রাষ্ট্রীয়ভাবে তোষণ, আইনের সঠিক প্রয়োগ না করা এবং সার্বিক কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশের অবস্থানের ক্রম অবনতি হয়েছে। অথচ দুর্নীতিবিরোধী বাগাড়ম্বর ব্যতীত এ নিয়ে পতিত আওয়ামী সরকারের কোনো বিকার বা চিন্তা দেখা যায়নি। এমনকি দুর্নীতি দমনে দায়িত্বপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও তাদের প্রকৃত ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে।

টিআইর সিপিআই সূচকের বিশ্লেষণ বলছে, ২০২৪ সালে স্কোর বিবেচনায় বাংলাদেশের নিম্নমুখী যাত্রা সুস্পষ্ট। ২০১২ থেকে সূচকে ব্যবহৃত ১০০ স্কেলে বাংলাদেশের স্কোর ২০২২ সাল পর্যন্ত “২৫ থেকে ২৮” এর মধ্যে আবর্তিত ছিল। ২০২৩ সালে এক পয়েন্ট অবনমন হয়ে ২৪ এবং ২০২৪ সালে আরও এক পয়েন্ট অবনমন হয়ে ২৩ হয়েছে। ২০১২ থেকে ২০২৪ মেয়াদে সিপিআই স্কোরের প্রবণতা বিশ্লেষণ অনুযায়ী টানা চার বছরসহ মোট ছয়বার বাংলাদেশের স্কোর ছিল ২৬, তিনবার ২৫ এবং একবার করে ২৪, ২৭ ও ২৮। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল সর্বোচ্চ চারবার ১৩তম, তিনবার ১৪তম, দুইবার ১২তম এবং একবার করে ১৫, ১৬ ও ১৭তম।

গত বছর বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০ম ছিল। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে ২৪। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একইঅবস্থানে ছিল আফ্রিকান রিপাবলিক, ইরান, লেবানন ও জিম্বাবুয়ে। আর ২০২৩ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। বাংলাদেশের স্কোর ছিল ২৫।

টিআই এমন সময় সিপিআই সূচক প্রকাশ করেছে যখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে চলমান দুর্নীতি বিরোধী অভিযান চলমান রয়েছে। ১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা প্রতি বছর এই সূচক প্রকাশ করা হয়। ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। তখন এ তালিকায় মোট ৯১টি দেশ ঠাঁই পায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

বান্দরবানের দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বান্দরবানের দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বান্দরবানের দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহা
বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পর্যটনকেন্দ্র দেবতাখুমে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কমিটির সভা ও  উপজেলা কার্যালয় রোয়াংছড়ি, বান্দরবান পার্বত্য জেলার সিদ্ধান্তের আলোকে দেবতাকুম পর্যটন কেন্দ্রটি ১১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হল।
স্থানীয়রা জানান, দুর্গম এলাকাগুলোতে সশস্ত্র সংগঠনগুলোর তৎপরতার কারণে ২০২২ সালের ১৭ অক্টোবর রুমা-রোয়াংছড়িতে দেশি বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। এই নিষেধাজ্ঞা কয়েক দফায় বাড়িয়ে রুমা-রোয়াংছড়ি, আলীকদম ও থানচি উপজেলায়ও আরোপ করা হয়। পরে আলীকদম উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রুমা-রোয়াংছড়ি ও থানচি উপজেলায় বহাল রয়েছে।
রোয়াংছড়ি পর্যটক গাইডের সভাপতি পলাশ তঞ্চঙ্গ্যা বলেন, দীর্ঘ এক বছর পর নানা অবসান ঘটিয়ে আগামীকাল দেবতাখুম  নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রশাসন। আবারো পর্যটকদের পদচারণায় মুখরিত হবে পর্যটন কেন্দ্র দেবতাকুম। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীসহ পর্যটক গাইডের মাঝে স্বস্তি ফিরেছে। প্রশাসন প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটন কেন্দ্র দেবতাখুম পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।  পর্যটকদের নিরাপত্তা জন্য ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক মাঠে থাকবে ও সাদা পোশাকে সতর্ক অবস্থানে থাকবে। আর প্রতিটি স্থানে পর্যটকদের জন্য হটলাইন নম্বর দেওয়া আছে। প্রয়োজনে জরুরি কল দিলে মুহুর্তেই ট্যুরিস্ট পুলিশ সেখানে পৌঁছে যাবে। বান্দরবানের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান দেবতাখুম বান্দরবান জেলা শহর থেকে ৩৩ কিলোমিটার ও রোয়াংছড়ি থেকে ১৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

নিউজমেট্রো ডেস্ক:
জাতিসংঘের সহকারী মহাসচিব এবং জাতিসংঘ প্রকল্প পরিষেবা অফিস (ইউএনওপিএস)-এর উপ-নির্বাহী পরিচালক ক্রিস্টিন দামকজায়ের সরকারি সফরে বাংলাদেশে আসছেন। ১১ থেকে ১২ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ সফর করবেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এ সফরের লক্ষ্য জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে গুরুত্ব আরোপ করে সহযোগিতার অন্যান্য ক্ষেত্রগুলো চিহ্নিত করার জন্য বাংলাদেশ সরকার এবং ইউএনওপিএস’র মধ্যে সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করা।’
স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই অবকাঠামোর মতো যে সব ক্ষেত্রে ইউএনওপিএস সহযোগিতা করছে, সেগুলো নিয়ে আলোচনার জন্য সরকারের উপদেষ্টা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।
জাতিসংঘের সহকারী মহাসচিব ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অফ দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল (এনআইডিসিএইচ) পরিদর্শন করবেন, যা গ্লোবাল ফান্ডের অর্থায়নে ইউএনওপিএস কর্তৃক বাস্তবায়িত পিএসএ অক্সিজেন প্ল্যান্ট প্রকল্পের সুবিধাভোগী ২৯টি হাসপাতালের মধ্যে একটি।
এই উদ্যোগটি বর্তমানে বাংলাদেশে বাস্তবায়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা সহায়তা প্রকল্পগুলোর অন্যতম।
জলবায়ু পরিবর্তন ও টেকসই পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে, ইউএনওপিএস বিশ্বব্যাংকের অর্থায়নে ‘দক্ষিণ এশিয়ার জন্য প্লাস্টিক মুক্ত নদী ও সমুদ্র’ প্রকল্প বাস্তবায়নে দক্ষিণ এশিয়াকে সহযোগিতামূলক পরিবেশ কর্মসূচিতে (এসএসিইপি) সহায়তা প্রদান করছে।
-বাসস

‘সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে’

‘সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে’

নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা প্রত্যাশা করছি ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের প্রত্যাশা আছে অতি দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করবে সরকার।
সোমবার (১০ ফেব্রুয়ারী) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। তিনি বলেছেনও ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনের জন্য কাজ করছেন।
প্রধান উপদেষ্টা কবে নাগাদ নির্বাচনের রোডম্যাপ দেবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ওনারা ঠিক করবেন। তবে ১৫ তারিখের মধ্যে ওনারা কিছু একটা বলতে যাবেন। আমরা যেটা বিশ্বাস করি, গণতান্ত্রিক ব্যবস্থা সহজ হয়ে যাবে যদি দ্রুত একটি নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব বলেন, আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে কথা বলেছি। আমরা বলেছি এই সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা। সেটা তারা বলেছে যে তারা এ নিয়ে কাজ করছেন।
অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমরা অতীতে অনেক অভিযান দেখেছি। সেই ধরনের কোনও পুনরাবৃত্তি না হয়, এটা নিয়ে কোনও যেন সমস্যা তৈরি করা না হয় এ কথাগুলো জোরের সাথে বলেছি।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনও বলছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না। আমরা এ ব্যাপারে কোনও কোনওভাবেই একমত হব না।
এর আগে সন্ধ্যা ছয়টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ।

১৩ বছরেও শেষ হয়নি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত

১৩ বছরেও শেষ হয়নি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত

নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকান্ডের তেরো বছর পূর্ণ হচ্ছে আজ ১১ফেব্রুয়ারি। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার তদন্ত শেষ হয়নি এই তেরো বছরেও। ফলে জট খুলেনি খুনের রহস্যের। সনাক্ত হয়নি ঘাতকরা।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। ঘটনার সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের সন্তান মাহির সরওয়ার মেঘ।
সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম। প্রথমে মামলাটি তদন্ত করছিল শেরেবাংলা নগর থানার পুলিশ। পরবর্তীতে মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের  গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে  তদন্তের দায়িত্ব দেয়া হয় র্যাবকে।
সাগর-রুনি হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যেই খুনিদের ধরা হবে বলে সময় বেঁধে দিয়েছিলেন। ইতোমধ্যে একযুগ পার হলেও খুনিদের ধরা তো দূরের কথা, মামলার  কোন তদন্ত প্রতিবেদনও দাখিল করতে পারেন নি তদন্তকারী কর্মকর্তা। এ পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিলে ১১৫ বার সময় নেয়া হয়েছে।
গত বছর ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বহুল আলোচিত সাগর রুনি হত্যা মামলার তদন্ত চেয়ে আনা রিটের আদেশ মডিফিকেশন চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে এ আদেশ দেন উচ্চ আদালত। বিষয়টি নিয়ে শুনানিতে হাইকোর্ট বলেন, ‘আশা করি এবার ন্যায়বিচার নিশ্চিত হবে এবং তদন্তের জন্য দেয়া এবারের ছয় মাস মানে ছয় মাস।’ এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য রয়েছে হাইকোর্টে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ২১ সেপ্টেম্বর সারাদেশের বিচারকদের উদ্দেশে দেয়া তার অভিভাষণে বলেন, ‘আমরা দেখেছি চাঞ্চল্যকর সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য ইতোমধ্যে শতাধিকবার সময় নেয়া হয়েছে। এটা কিছুতেই কাম্য হতে পারে না। তদন্ত কাজেই যদি একাধিক বছর সময়লেগে যায়, সে মামলার বিচারকাজ পরিচালনা অনেক কঠিন হয়ে পড়ে। কেননা সময়ের আবর্তে মামলার অনেক সাক্ষী ও সাক্ষ্য হারিয়ে যায়।’

হজ সেবাদানকারী কোম্পানির সাথে চুক্তি ১৪ ফেব্রুয়ারির মধ্যেই

0
হজ সেবাদানকারী কোম্পানির সাথে চুক্তি ১৪ ফেব্রুয়ারির মধ্যেই

নিজস্ব প্রতিবেদক :

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ সেবাদানকারী কোম্পানির সাথে ১৪ ফেব্রুয়ারির মধ্যেই সকল চুক্তি স্বাক্ষর করতে হবে। সৌদি সরকারের পক্ষ হতে চুক্তির এই সময় আর বৃদ্ধি করা হবে না। বাংলাদেশ হতে নিবন্ধিত কোনো ব্যক্তি এজেন্সির অবহেলায় হজব্রত পালন করতে না পারলে তার দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি)  মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন,  হজ ও উমরাহ বিধিমালা ২০২২ অনুসারে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য বাড়িভাড়া করার লক্ষ্যে ধর্ম সচিবের নেতৃত্বে ১২ সদস্যবিশিষ্ট একটি কমিটি রয়েছে।  এ বছর এ কমিটিতে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের দুইজন ও জেদ্দা কনস্যুলেটের দুইজন প্রতিনিধি কো-অপ্ট করা হয়। এই কমিটি বাড়িভাড়ার জন্য প্রাপ্ত কোটেশনের আলোকে বাড়িগুলোর মান, আনুষঙ্গিক সুবিধা, হারাম শরীফ হতে দূরত্ব, হজ প্যাকেজে প্রতিশ্রুত সেবা ও  বাড়িভাড়া বাবদ বরাদ্দ প্রভৃতি বিষয় চুলচেরা বিশ্লেষণ করে সর্বোত্তম বাড়িগুলো ভাড়া করেছে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন,  এ বছর সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ এ নিবন্ধিত হজযাত্রীদের জন্য মক্কায় হারাম শরিফের বহির্চত্বর থেকে সর্বোচ্চ ১ দশমিক ৬ কিলোমিটারের মধ্যে বাড়িভাড়া করা হয়েছে। এজন্য এই প্যাকেজের বাড়িভাড়া ও পরিবহন সেবা খাতের টাকা সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, সাধারণ হজ প্যাকেজ-২ এর হজযাত্রীদের জন্য মক্কায় যে সকল হোটেল ভাড়া করেছি সেগুলোর সর্বোচ্চ দূরত্ব হবে ১ দশমিক ২ কিলোমিটার। এছাড়া মদিনায় হজ প্যাকেজ-১ এর হজযাত্রীদের জন্য সর্বোচ্চ এক কিলোমিটারের মধ্যে এবং হজ প্যাকেজ-২ এর হজযাত্রীদের জন্য  ৩০০-৬০০ মিটারের মধ্যে হোটেল ভাড়া করা হয়েছে।

ড. খালিদ বলেন, হজ প্যাকেজ-১ এর হজযাত্রীরা মিনায় জোন-৫ এর তাঁবুতে অবস্থান করবেন এবং হজ প্যাকেজ-২ এর হজযাত্রীরা মিনায় জোন-২ এর তাঁবুতে অবস্থান করবেন। তিনি আরো বলেন, অতীত অভিজ্ঞতার আলোকে বিশ্বস্ত হজ সেবা প্রদানকারী কোম্পানিসমূহের সাথে চুক্তি সম্পাদন করা হয়েছে। এ বছর সরকারি মাধ্যমে হাজিগণ সন্তোষজনক সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন,  হজ সার্ভিস কোম্পানির সাথে ১৪ ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনের বিষয়টি গত বছরের ২৩ অক্টোবর সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় হতে জানানো হয়। পরবর্তীতে আরো কয়েকবার পত্র মারফত আমাদেরকে এ বিষয়টি অবহিত করা হয়েছে এবং সে মোতাবেক ধর্ম মন্ত্রণালয় হতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে জানানো হয়েছে। তিনি সৌদি সরকারের বেঁধে দেওয়া সময় ১৪ ফেব্রুয়ারির মধ্যেই সকল হজ এজেন্সিকে হজ সেবাদানকারী কোম্পানির সাথে সব ধরনের চুক্তি সম্পাদন করার অনুরোধ জানান।

এসময় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, যুগ্মসচিব ড. মোঃ মঞ্জুরুল হক,  উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

#

রমজানে সারাদেশে ৮০টি টিম বাজার মনিটর করবে

1
রমজানে সারাদেশে ৮০টি টিম বাজার মনিটর করবে

নিজস্ব প্রতিবেদক :

রমজানে অবৈধ মজুতদারি প্রতিরোধ ও ন্যায্যমূল্যে নিত্যপণ্য প্রাপ্তি নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৮০টি টিম বাজার মনিটর করবে। দেশব্যাপী ঢাকা মহানগরে কমপক্ষে ১০টি, বিভাগীয় শহরে ২টি এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ জেলায় ১টি করে টিম জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালনা করবে।

রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ব্যবহার্য সামগ্রী মজুত ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি রাজধানীতে ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ব্র্যাণ্ড শপ আড়ং, দেশিদশ, ইলনিয়ন, অ্যাপেক্স, ইয়েলো, সাজগোজ, ইনফিনিটি, সুপারশপ স্বপ্ন, মিনাবাজার, আগোরা, ইউনিমার্ট, ডেইলি শপিং এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

২০২৪ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানের সংখ্যা ও জরিমানা আদায়ের তথ্যাবলী প্রকাশ করা হয়েছে। সারাদেশে ৭ হাজার ৫৫৩টি অভিযান পরিচালনার মাধ্যমে ১৫ হাজার ৭১৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন দণ্ড প্রদান করা হয়। দণ্ডিত ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ১০ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

চট্টগ্রাম নগরীর ২০ স্পটে টিসিবির ট্রাক সেল

0
চট্টগ্রাম নগরীর ২০ স্পটে টিসিবির ট্রাক সেল

নিজস্ব প্রতিবেদক
রমজানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীতে সোমবার (১০ ফেব্রæয়ারি) হতে খোলা ট্রাক থেকে ন্যায্য মূল্যে নির্ধারিত পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শবে কদরের আগের দিন পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন টিসিবি কর্মকর্তারা।
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, চট্টগ্রাম মহানগরীর ৪১ ওয়ার্ডের মোট ৬০টি পয়েন্টে পর্যায়ক্রমে খোলা ট্রাক থেকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলবে। এর মধ্যে প্রতিদিন ২০টি স্পটে ট্রাক সেল চলবে।
টিসিবি সূত্র জানায়, ট্রাক থেকে প্রতি প্যাকেজে মোট ৫৮৭ টাকায় ২কেজি মসুর ডাল, ১কেজি চিনি, ২লিটার সয়াবিন তেল, ২কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর পাওয়া যাচ্ছে। প্রতি ট্রাকে দিনে ২০০ প্যাকেজ পরিমাণ পণ্য সরবরাহ করা হবে।
প্রসঙ্গত, আগে স্মার্ট ফ্যামলি কার্ডের মাধ্যমে কার্ডধারীদের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হতো। কিন্তু এবার সারা দেশে স্মার্ট ফ্যামিলি কার্ড অ্যাক্টিভ না হওয়ায় খোলা ট্রাক থেকে পণ্য বিক্রি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।