Home Blog Page 38

চট্টগ্রামে বস্তিতে আগুণ : ১জনের মৃত্যু

চট্টগ্রামে বস্তিতে আগুণ :  ১জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর সিইপিজেড এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে একজনের মৃত্যু ঘটেছে। পুড়ে গেছে অন্তত অর্ধশত বস্তিঘর। মঙ্গলবার ভোররাতে এ আগুণের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া বৃদ্ধার নাম  নওশা (৮২)। আগুণ লাগার পর ঘর থেকে বের হতে না পারায় ঘরের মধ্যে পুড়ে মারা যান তিনি। পরে সেখান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে ইপিজেডের পাশে রেলওয়ে কলোনিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ৯টি গাড়ি সেখানে গিয়ে আগুণ নেভানোর কাজে অংশ নেয়। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় বেশ কিছু বস্তি ঘর পুড়ে যায় ও সেখান থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফরিদ আহমেদ চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুণের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের কাজ চলছে বলে জানান তিনি।

সৌদিতে বাংলাদেশি গৃহকর্মী হত্যার দায়ে গৃহকত্রীর মৃত্যুদন্ড

সৌদিতে বাংলাদেশি গৃহকর্মী হত্যার দায়ে গৃহকত্রীর মৃত্যুদন্ড
নিউজ মেট্রো ডেস্ক :
সৌদি আরবে এক বাংলাদেশি গৃহকর্মীকে হত্যার দায়ে গৃহকত্রীর মৃত্যুদন্ড ও গৃহকর্তার ৩বছর কারাদন্ডের রায় দিয়েছেন রিয়াদের একটি আদালত।পাশাপাশি গৃহকর্তার ওপর ৫০ হাজার রিয়াল জরিমানারও আদেশ দেন আদালত। গত রোববার এ রায় ঘোষণা করা হয়। সোমবার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গৃহকত্রীর নির্যাতনে নিহত বাংলাদেশি গৃহকর্মির নাম আবিরন বেগম।তিনি খুলনা জেলার পাইকগাছা এলাকার বাসিন্দা। ২০১৯ সালের ২৪ মার্চ রিয়াদের আজিজিয়ায় আবিরন বেগম মারা যান। যা পরে হত্যাকাণ্ড বলে ফরেনসিক রিপোর্টে জানা যায়।
রিয়াদের ক্রিমিনাল কোর্ট প্রদত্ত মামলার রায়ে প্রধান আসামি  গৃহকর্ত্রী নাম আয়েশা আল জিজানীর বিরূদ্ধে সুনির্দিষ্টভাবে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড সংঘটিত করার দায়ে মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়।এছাড়া আবিরন বেগমকে নিজ বাসার বাইরে বিভিন্ন জায়গায় কাজে পাঠানো ও চিকিৎসার ব্যবস্থা না করায এবং আলামত ধ্বংসের পৃথক পৃথক অভিযোগে মোট ৩ বছর ২ মাস কারাদণ্ড ও ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়।
আদালত অন্য আসামি সৌদি দম্পতির কিশোর পুত্র ওয়ালিদ বাসেম সালেমের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে হত্যাকাণ্ডে সহযোগিতা করার প্রমাণ পাননি বলে জানান। তবে আবিরন বেগমকে বিভিন্নভাবে অসহযোগিতা করায় তাকে সাত মাসের কিশোর সংশোধনাগারে থাকার আদেশ দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে বলে আদালত জানান।
রিয়াদের ক্রিমিনাল কোর্টের ৬ নম্বর আদালতে আবিরন বেগমের মামলা পরিচালনার জন্য রোববার দূতাবাসের শ্রম উইংয়ের প্রথম সচিব মো. সফিকুল ইসলাম ও আইন সহায়তাকারী সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।

নগরকে সুন্দর করতে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে : নওফেল

নগরকে সুন্দর করতে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে : নওফেল
নিজস্ব প্রতিবেদক :
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, নগরকে সুন্দর করতে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। নয়তো নবনির্বাচিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সফল হতে পারবেন না। তিনি নবনির্বাচিত মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে সৃষ্টিশীল রাজনৈতিক কর্মী উল্লেখ করে সফলতা কামনার পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর মধ্যে কর্মনিষ্ঠা প্রত্যাশা করেন। নওফেল দায়িত্ব গ্রহনের পূর্বে চট্টগ্রামের বিশিষ্টজনদের পরামর্শ মতামত নিতে সুধী সমাবেশ ডাকায় নতুন মেয়রকে ধন্যবাদ জানিয়ে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি শক্তিশালী প্রতিষ্ঠান। নবনির্বাচিত মেয়র প্রিয় এই নগরকে সন্ত্রাস, জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন রূপে সাজাবেন এটাই প্রত্যাশা করি। তিনি আজ সোমবার সকালে নগরীর ইনিঞ্জনিয়ার্স ইনস্টিটিউাশন হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নবনির্বাচিত মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ শামসুল হক চৌধুরী এমপি, চন্দনাইশ সাতকানিয়া (আংশিক) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, বোয়ালখালী ও চান্দগাঁও (আংশিক) আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহম্মেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চসিকের প্রধান নির্বাহী কাজী মুহাম্মদ মোজম্মেল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আনোয়ারুল আজিম আরিফ, ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ ছালাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রে সভাপতি প্রকৌশলী প্রবীর কুমার সেন, নবনির্বাচিত কাউন্সিলরদের মধ্যে সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্ত্তী, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর ড. রফিকুল আলম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বাবুল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মুক্তিযোদ্ধা মহানগর কমান্ডার মোজাফফর আহাম্মেদ।
সুধী সমাবেশের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বিকেল ৩টায় টাইগারপাসে চসিকের অস্থায়ী অফিসে গিয়ে কর্পোরেশনের প্রধান নির্বাহী কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের কাছ থেকে কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করেন।

পাঁচ বছরে চট্টগ্রাম হবে আদর্শ শহরের মডেল- মেয়র রেজাউল

পাঁচ বছরে চট্টগ্রাম হবে আদর্শ শহরের মডেল- মেয়র রেজাউল

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, তার মেয়াদের পাঁচ বছরে চট্টগ্রাম আদর্শ শহরের মডেল হিসেবে দাঁড়াবে। এ বিষয়ে কারও পরামর্শ নিতে সংকীর্ণতা নেই বলে উল্লেখ করেন  মেয়র ।

আজ সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চসিকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।  শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেন,তার কথা ইশতেহারে বলে দিয়েছেন। অনেকে মনে করে, চট্টগ্রাম শুধু মেয়রের। তিনি সেই পুরনো ধারণা ভেঙে দিতে চান । এ চট্টগ্রামে অনেক জ্ঞানী, সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবী, বিশেষজ্ঞ আছেন। তাদের মেধা তিনি কাজে লাগাতে চান। রাস্তার যানজট থেকে বিভিন্ন সমস্যা মেয়রের ওপর এসে পড়ে। এ শহর আমার আপনার সবার। তাই সবার সঙ্গে পরামর্শ করতে চান, মেধা কাজে লাগাতে চান। চট্টগ্রামকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চান। কারণ ব্যক্তির চিন্তা চেতনায় ভুল থাকতে পারে। সামষ্টিক চিন্তায় ভুল হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমি শুধু মুখপাত্র, প্রতিনিধি। ভোটের জন্য দুয়ারে দুয়ারে গেছি ৷ আগামী পাঁচ বছরও সবার সঙ্গে পরামর্শ করে এগিয়ে যাবো। আমি ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণি পেশার সবার সহযোগিতা চাই। আমার পরিষ্কার কথা হচ্ছে, যে সেবা সংস্থা গাফিলতি করবে তাদের জবাবদিহি করতে হবে। অনেক সমম্বয় সভা হয়েছে, কিন্তু কার্যকর সেবা পায়নি। মেয়রের নির্বাহী ক্ষমতা থাকা উচিত। জনভোগান্তি যেমন কমবে টাকারও অপচয় হবে না।

জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে চট্টগ্রামের উন্নয়নভার নিয়েছেন। টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু শিল্পনগর, কক্সবাজার পর্যন্ত রেললাইন হচ্ছে। আমি জননেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। জনগণ জননেত্রীর উন্নয়নের ওপর আস্থা রেখেছেন বলে নৌকাকে জয়ী করেছেন। চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ধারণ করে এগিয়ে যেতে হবে। সফলতা আমাদের আসবে। চট্টগ্রাম আদর্শ শহরের মডেল হিসেবে দাঁড়াবে।

তিনি বলেন, প্রথমে মশা নিয়ন্ত্রণে কাজ করবো। বর্জ্য ব্যবস্থাপনা শৃঙ্খলায় আনবো। মানুষ শান্তি চায়। ১০০ দিনে সব রাস্তা হয়ে যাবে তা আবেগের কথা। যান চলাচলের উপযুক্ত করার চেষ্টা করবো। যেকোনো মূল্যে খাল উদ্ধার করবো। পাঁচ বছরে শহর জলাবদ্ধতামুক্ত হবে। আসুন চট্টগ্রামকে গড়ে তুলি।

 অনুস্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, নগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চুয়েট উপাচার্য ড. রফিকুল আলম, সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কেএম ফজলুল্লাহ, নগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলররা।

উইম্যান চেম্বারের সিএমএসএমই মেলা সমাপ্ত

উইম্যান চেম্বারের সিএমএসএমই মেলা সমাপ্ত

সাংস্কৃতিক অনুষ্ঠান, ভ্যালেন্টাইনস্ ডে উদযাপন, পুরস্কার বিতরণ ও স্টলের উদ্যোক্তা এবং অতিথিদের মাঝে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে রোববার সমাপ্ত হয়েছে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক আয়োজিত প্রিজম বাংলাদেশ এবং এসএমই ফাউন্ডেশন এর সহযোগিতায় সিএমএসএমই উদ্যোক্তাদের রকমারী পণ্যের বিক্রয় ও প্রদর্শনী ।

সিডব্লিউসিসিআই এর প্রেসিডেন্ট ইনচার্জ (সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট) আবিদা মোস্তফার সভাপতিত্বে হোটেল আগ্রাবাদে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সিএমপি এর সভানেত্রী শরমিন জাহান। আরো উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামীলীগ চট্টগ্রামের সভাপতি হাসিনা মহিউদ্দিন, সংরক্ষিত আসনের প্রাক্তন সাংসদ সাবিহা নাহার বেগম, পুনাক সিএমপি এর সাধারণ সম্পদিকা সানোয়ারা সুলতানা, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিচালক রেবেকা নাসরিন, কো-চেয়ারপার্সন কাজী তুহিনা আক্তার, ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, নিশাত ইমরান, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট জেসমিন আক্তারসহ অন্যন্য পরিচালক, সদস্যবৃন্দ এবং পুনাক সিএমপি এর সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সিডব্লিউসিসিআই এর এই আয়োজন কোভিড-১৯ পরিস্থিতিতে মহিলা উদ্যোক্তাদেরকে যেমন দিয়েছে তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ এবং নতুন কর্মোদ্দীপনা তেমনি এক গেঁয়েমি জীবন থেকে উত্তরনের সুযোগ। সমাপনী অনুষ্ঠান ভার্চুয়ালি অংশগ্রহন করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, পরিচালক সুলতানা নূরহাজান রোজী, প্রাক্তন পরিচালক সেরিনা তাহের। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিডব্লিউসিসিআই এর প্রাক্তন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রুহী মোস্তফা।

প্রেস বিজ্ঞপ্তি

লেগেছে বসন্তের রঙ

লেগেছে বসন্তের রঙ
নিউজ মেট্রো প্রতিনিধি :
ফাল্গুনের প্রথম দিনে বন্দর নগরী চট্টগ্রামসহ দেশজুড়ে লেগেছে বসন্তের রঙ। ভালবাসা দিবসের মনের রঙের সঙ্গে বাসন্তী রঙ মিলেমিশে একাকার হয়ে গেছে দিনটিতে। আকর্ষণীয় বিনোদন স্পটগুলো আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে দিনটি।
বসন্ত উৎসবকে ঘিরে চট্টগ্রামের শীর্ষ স্থানীয় সাংস্কৃতিক সংগঠন প্রমা, বোধনসহ বিভিন্ন সংগঠন আজ রবিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা আয়োজন করে। এরমধ্যে ছিল-চিরায়ত বাংলার গান, নাচ, আবৃত্তি, কথামালাসহ নানা আয়োজন।
প্রমা: নগরীর সিআরবির শিরীষতলা প্রাঙ্গণের রলওয়ে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় প্রমা আবৃত্তি সংগঠনের দিনব্যাপী আয়োজন। সকালে অনুষ্ঠান শুরু হয় আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের উদ্বোধনী আবৃত্তির মধ্য দিয়ে। এরপর একে একে ভালোলিনিস্ট চিটাগংয়ের বেহালা বাদন, প্রমা অবন্তীর ওড়িশি অ্যান্ড টেগোর ডেন্স মুভমেন্টের নৃত্যুশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা, রোজী বিশ্বাস ও ফুলকি বড়ুয়ার একক গান এবং প্রমা’র শিল্পীদের বৃন্দ আবৃত্তি অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলে।
বিকেলে প্রমা আয়োজিত বসন্ত উৎসবে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। পরবর্তীতে গান, নাচ, আবৃত্তি পরিবেশিত হয়।
বোধন :  নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে- শিরোনামে নগরীর থিয়েটার ইন্সটিটিউটে ও পাহাড়তলী আমবাগান রেলওয়ে জাদুঘর সংলগ্ন শেখ রাসেল পার্কে ঋতুরাজ বসন্তকে বরণ করতে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজন করে নানা অনুষ্ঠানমালা। এর মধ্যে সকাল ৮টায় বোধন আবৃত্তি পরিষদ টিআইসিতে বসন্ত আবাহন, আবৃত্তি, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্য, শোভাযাত্রা, পিঠাপুলি উৎসব।
বোধন উৎসবের শুরুতেই সকালে ভায়োলিনিষ্ট চট্টগ্রামের পরিবেশনায় যন্ত্রসংগীত ও দলীয় সংগীত পরিবেশন করে সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ বাংলাদেশ, অভ্যুদয় সঙ্গীত অঙ্গন, গীতধ্বনি ও উদীচী শিল্পী গোষ্ঠী, দলীয় নৃত্য পরিবেশন করে ওডিসী অ্যান্ড টাগুর ড্যান্স মুভমেন্ট সেন্টার, নৃত্যম একাডেমি, রুমঝুম নৃত্যকলা একাডেমি, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, নৃত্য নিকেতন, অদিতি সঙ্গীত নিকেতন, সুরাঙ্গন বিদ্যাপীঠ, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, ঘুঙুর নৃত্যকলা একাডেমি। এরপর বিকেলে পরিবেশিত হয় মনোমুগ্ধকর একক ও দ্বৈত সংগীত, একক আবৃত্তি, ঢোলবাদন ও বর্ণাঢ্য শোভাযাত্রা।

সরকারের কম্পন শুরু হয়েছে : আমির খসরু

সরকারের কম্পন শুরু হয়েছে : আমির খসরু
নিউজ মেট্রো প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আল জাজিরা ক্ষুদ্র একটি অংশ প্রকাশ করেছে। এতেই ভয়ে কম্পন শুরু হয়েছে সরকারের। এটা সরকারের বিদায়ের লক্ষণ। সমস্ত অপকর্মের দায়ভার নিয়ে সুবর্ণ জয়ন্তীর বছরে এই সরকারকে বিদায় নিতে হবে।
শনিবার বিকেলে নগরের নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, রোজার পর, ঈদের পর এরকম দিনক্ষণ দেখে আন্দোলন হয় না। যে কর্মসূচির মাধ্যমে এই সরকারের পতন হবে, সেই কর্মসূচি আসবে। এখন প্রতিদিনই আন্দোলন। আমরা-তো নেমেই গেছি মাঠে, আর ফিরে যাবো না। এটাই কর্মসূচি।
তিনি বলেন, জিয়াউর রহমান বীর উত্তম খেতাব পেয়ে গৌরবান্বিত হননি, বরং বীর উত্তম পদটি গৌরবান্বিত হয়েছে। বিএনপিতে অনেক খেতাবপ্রাপ্ত লোক আছেন কিন্তু আওয়ামী লীগে খেতাবপ্রাপ্ত লোক খুঁজে বের করতে হবে। জিয়াউর রহমান নাকি সংবিধান লঙ্ঘন করেছেন, তাহলে তো এখন বাংলাদেশের অনেক বড় নেতা থেকে শুরু করে মাঠের কর্মী পর্যন্ত কেউ রেহাই পাবে না। তারা সংবিধানের বারোটা বাজিয়ে ফেলেছে। এসবেরও বিচার হবে।
আমির খসরু বলেন, আল জাজিরার পরবর্তী প্রতিবেদনে বহু লোকের নাম জড়িত আছে। তাতে সরকারের দেশে ও দেশের বাইরে পাতিলের খবরও বের হয়ে যাবে। প্রকাশিত হওয়া প্রতিবেদনের বিষয়ে সরকারের পক্ষ থেকে একটিও সদুত্তর পেলাম না। তারা শুধু প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, সরকার বলছে- আড়িপাতার যন্ত্র আনার জন্য জাতিসংঘের সঙ্গে আমাদের চুক্তি আছে। কিন্তু জাতিসংঘ বলছে, তাদের সঙ্গে আমাদের এ রকম কোনো চুক্তি নাই। জাতিসংঘ বিবৃতি দিয়ে সরকারের মুখে লাথি মেরে দিয়েছে। লজ্জা নাই তাদের। জাতিসংঘ বলছে, তোমরা মিথ্যাচার করছো। তিনি আরো বলেন, খুন, গুম, হত্যার নায়ক কারা? এগুলোর সঙ্গে জড়িত সরকার। প্রশাসনকে বলব, আপনারা কোনো দলের পক্ষে দায়িত্ব পালন করবেন না, জনগণের পক্ষে দায়িত্ব পালন করুন। আপনারা যতই লাঠিপেটা করেন, গুম-খুন করেন, হত্যা করেন, দেশের মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। দুর্নীতি এখন চরম শিখরে পৌঁছেছে। আওয়ামী লীগের কিছু মানুষ রাষ্ট্রের সব সম্পদ কুক্ষিগত করে রেখেছে। সমস্ত জাতি আজ শঙ্কিত। আমরা চট্টগ্রাম থেকে অতীতেও আন্দোলনের সূচনা করেছি। চট্টগ্রাম থেকেই আন্দোলন গড়ে তুলব।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করে পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এ.এম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট এনামুল হক। ###১৩.০২.২০২১