এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ, সাড়ে ৪ হাজার কর্মী ছাটাই

images
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবস্থিত এস আলম গ্রুপের সবগুলো শিল্প প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ছাটাই করা হয়েছে প্রতিষ্ঠানগুলোতে কর্মরত প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা-কর্মচারীকে। শুক্রবার (৩১ জুলাই) থেকে কর্তৃপক্ষ ছাঁটাই আদেশ কার্যকর করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ।

বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠান এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের রফিকুল ইসলাম জানান, কাঁচামালের সংকটে কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, কেমন ইস্পাত, গ্যালকো স্টিল, এস আলম ব্যাগ লিমিটেড, এস আলম সিমেন্ট এবং এস আলম ভেজিটেবল অয়েল। কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকা এসব প্রতিষ্ঠান অবস্থিত।

শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) নোটিশ বোর্ডে ছাঁটাইয়ের নোটিশ লাগানো হয় এবং শুক্রবার থেকে তা কার্যকর হয়। জানা যায়, দুই বছর আগে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আদালত একাধিক মামলা দায়ের করে। এ অবস্থায় গ্রুপের মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলো গভীর সংকটে পড়ে । ২০২৪ সালের ডিসেম্বর মাসে তাদের নয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলেও পরের মাসে তা আবার খুলে দেওয়া হয়।