Home Blog Page 29

মিয়ানমারে বিবিসির সাংবাদিক আটক

মিয়ানমারে বিবিসির সাংবাদিক আটক

মিয়ানমারে বিবিসির বার্মিজ ভাষা বিভাগের এক রিপোর্টারকে আটক করা হয়েছে। গত মাসে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে অব্যাহত বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘাতের মধ্যে এই সাংবাদিক আটক হলেন।

বিবিসির বার্মিজ বিভাগের রিপোর্টার অং থুরা রাজধানী নেপিডতে কোর্ট ভবনের বাইরে দাঁড়িয়ে যখন কাজ করছিলেন, তখন সেখান থেকে তাকে সাধারণ পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়।

বিবিসি এক বিবৃতিতে বলেছে, অং থুরার ব্যাপারে তারা উদ্বিগ্ন এবং তিনি কোথায় আছেন তা জানতে সাহায্য করার জন্য বার্মিজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

মিয়ানমারে শুক্রবারের সর্বশেষ বিক্ষোভে আরও অন্তত ৮ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিবিসির অং থুরা ছাড়াও স্থানীয় একটি নিউজ পোর্টাল মিজিমার একজন সাংবাদিক থান টিকে অংকে ধরে নিয়ে যাওয়া হয়। এমাসের শুরুতে এই সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করে বার্মিজ কর্তৃপক্ষ।

বিবিসির সাংবাদিককে যারা তুলে নিয়ে যান, তারা এসেছিলেন দুপুরবেলা একটি অচিহ্নিত গাড়িতে। তারা অং থুরাকে দেখতে চান বলে জানান। এর পর থেকে বিবিসি আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

এক বিবৃতিতে বিবিসি বলেছে, “মিয়ানমারে সব কর্মীর নিরাপত্তার বিষয়টি বিবিসি বেশ গুরুত্বের সঙ্গে দেখে এবং অং থুরাকে খুঁজে পেতে আমরা সবরকম চেষ্টা করছি। আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি তার অবস্থান জানতে সহায়তা করতে এবং তিনি যে নিরাপদ আছেন তা নিশ্চিত করতে। অং থুরা বিবিসির একজন সাংবাদিক এবং নেপিডতে বিভিন্ন ঘটনাবলীর সংবাদ সংগ্রহের বহুদিনের অভিজ্ঞতা তার রয়েছে।”

সূত্র : বিবিসি

শ্রীলংকার প্রধানমন্ত্রী রাজাপাকসে দু’দিনের সফরে বাংলাদেশে

শ্রীলংকার প্রধানমন্ত্রী রাজাপাকসে দু’দিনের সফরে বাংলাদেশে

নিউজ মেট্রো ডেস্ক :

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে আজ সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানান।

দু’দিনের সরকারি সফরে সকালে ঢাকা এসে পৌঁছালে  তাঁকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অন্যান্যের মধ্যে বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনী প্রধানগণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ সময় উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় তিনি পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে গাছের চারা রোপণ করেন।
নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২২ মার্চ দু’দিনের সফরে ঢাকা আসবেন এবং ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ এখানে পৌঁছে ২৭ মার্চ ঢাকা ত্যাগ করবেন।

শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ : তথ্যমন্ত্রী

2
শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ : তথ্যমন্ত্রী
সাবেক রাষ্ট্রপ্রতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাকে দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে বর্ণনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, বিএনপি’র উচিত অপরাজনীতির পথ থেকে সরে আসা। আজ শুক্রবার  জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৮ম প্রয়াণবার্ষিকী উপলক্ষে জিল্লুর রহমান পরিষদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে মন্ত্রী একথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, সমগ্র বিশ্ব যখন বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ, বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যখন সফরে আসছেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের এগিয়ে যাওয়া নিয়ে বক্তব্য রাখছেন, তখন নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে।

‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে এবং সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর যে হামলা, এটি ষড়যন্ত্রেরই অংশ’ বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব এ বিষয়ে তড়িঘড়ি বিবৃতিতে নানা কথা বলেছেন। আমি মির্জা ফখরুলকে পেছনে তাকাতে এবং আয়নায় নিজেদের চেহারা দেখতে বলব। ২০০১ সালে নির্বাচনের পর কোটালীপাড়া, আগৈলঝড়া, সিরাজগঞ্জ, ভোলাসহ সারা দেশের নানা জায়গায় পুরো গ্রাম ঘেরাও করে সংখ্যালঘুদের ওপর এতো নির্যাতন হয়েছিল যে আমাদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে লঙ্গরখানা খুলতে হয়েছিল।’

তাদের ক্ষোভ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এবং তা করে আমাদের অসাম্প্রদায়িক চেতনার জন্য, জানান মন্ত্রী। তিনি বলেন, আমরা মনে করি আমাদের প্রথম পরিচয় বাঙালি, তারপর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা ধর্মীয় পরিচয়। আর তারা মনে করে প্রথমে ধর্মীয় পরিচয়, আর তারপর বাঙালি না বাংলাদেশি তাও তারা বলতে পারে না। ষড়যন্ত্র-অপরাজনীতির পথ থেকে সরে না আসলে বিএনপিকে আগেও জনগণ ক্ষমা করে নাই, এখনো করবে না, বলেন ড. হাছান।

এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে মন্ত্রী বলেন, ভদ্রতা আর সদাচরণের প্রতীক জিল্লুর রহমান রাজনীতিকে ব্রত হিসেবেই নিয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম কাউন্সিলে তিনি কাউন্সিলর ছিলেন। সেই থেকে আওয়ামী লীগের রাজনীতিকে বুকে ধারণ করে নেতার প্রতি অবিচল আস্থায় তিনি কাজ করেছেন।

বঙ্গবন্ধুর অত্যন্ত আস্থাভাজন হওয়ায় বঙ্গবন্ধু তাকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন এমনকি বাকশাল গঠনের পর জিল্লুর রহমানকে এক নম্বর সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন, স্মরণ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাথেও সেই অবিচল আস্থার সাথে তিনি কাজ করেছেন এবং বারবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দলের দুঃসময়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দলকে সুসংহত রাখতে জিল্লুর রহমানের ভূমিকা ছিল অনন্য।

আওয়ামী লীগ নেতা এম এ করিমের সভাপতিত্বে ও জিল্লুর রহমান পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান খোকার সঞ্চালনায় আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, যুবলীগ নেতা মানিক লাল ঘোষ, মোহাম্মদ সেলিম রেজা সভায় বক্তব্য রাখেন।

সামিয়া সুলুহু হাসান তাঞ্জানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট

সামিয়া সুলুহু হাসান তাঞ্জানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট
নিউজ মেট্রো ডেস্ক :
তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর শুক্রবার তিনি প্রথম নারী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
দেশটির জাতীয় দৈনিক ‘ডেইলী নিউজ’ এর প্রতিবেদনে বলা হয়, সকাল ১০টায় শপথ শেষে তিনি বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে আমি যত শপথ নিয়েছি সেসবের চেয়ে আজকের এই শপথ ব্যতিক্রম। শোকাবহ এক পরিস্থিতির মধ্য দিয়ে আমি আজ দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিলাম।’
প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার পর সেনাবাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করছেন সামিয়া সুলুহু হাসান
শপথ নেয়ার পর  তিনি সেনাবাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন। উচ্চপদস্থ কর্মকর্তারা হাততালি দিয়ে অভিনন্দন জানান তাকে। এ সময় সততার সঙ্গে তানজানিয়ার সংবিধান সমুন্নত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সামিয়া। শপথ নেওয়ার পর প্রথম ভাষণে ৬১ বছর বয়সী সামিয়া হাসান প্রয়াত প্রেসিডেন্ট মাগুফুলির মৃত্যুতে ২১ দিনের শোক ঘোষণা করেন। সরকারি ছুটি ঘোষণা করেছেন আগামী ২২ ও ২৫ মার্চ। ওইদিন মাগুফুলির শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।
গুরুতর অসুস্থতার কারণে গত ৬ মার্চ মাগুফুলিকে জাকায়া কিকওয়েট কার্ডিয়াক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে সে সময় তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। পরে অসুস্থ বোধ করলে ১৪ মার্চ তিনি পুনরায় হাসপাতালে ভর্তি হন। এরপর ১৮ মার্চ তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তানজানিয়ার সংবিধান অনুসারে প্রয়াত মাগুফুলির দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের ক্ষমতায় থাকার মেয়াদ ২০২৫ সালে শেষ হওয়ার কথা ছিল। তাই সেই সময় পর্যন্ত এখন দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন সামিয়া।
সামিয়া সুলুহু হাসান ১৯৬০ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ২০০০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি তাঞ্জানিয়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন সিসিএম পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী মাগফুলির রানিং মেট হিসাবে নির্বাচনে অংশ নেন এবং দলটি নিরঙ্কুশ বিজয় লাভ করে। এরপর থেকে তিনি দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সিইউজে ও প্রেস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

সিইউজে ও প্রেস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সাংবাদিক নেতৃবৃন্দকে নিয়ে কেক কাটছেন প্রেস ক্লাব সভিাপতি আলহাজ্ব আলী আব্বাস।

নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাব।

কর্মসূচীর মধ্যে ছিল দিনব্যাপী জাতির পিতার ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর ম্যুরাল ফুল দিয়ে সজ্জিতকরণ, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে প্রেস ক্লাব প্রাঙণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটা অনুষ্ঠান।

প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন  সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম ও মোস্তাক আহমদ, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম, প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, সিইউজে’র যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, সিইউজে’র প্রচার ও প্রকাশনা সম্পাদক  ইফতেখার ফয়সাল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সিইউজে নেতৃবৃন্দ

প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, তথাকথিত বুদ্ধিজীবী নামধারী বিভিন্ন গণমাধ্যমে সুকৌশলে বঙ্গবন্ধুর মাহাত্মকে ক্ষুন্ন করার চেষ্টা করছে। যেটা কিছুতেই হতে দেয়া যায় না। আওয়ামী লীগ যখন এদেশের ক্ষমতায় ছিল না তখনও চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়মিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এই ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে। জাতির জনকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা দিন দিন আরো বাড়তে থাকবে বলে প্রেস ক্লাব সভাপতি উল্লেখ করেন।

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ

এ সময় ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, সিইউজে’র সহসভাপতি অনিন্দ্য টিটো, টিভি জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মনজুর কাদের মনজু, স্থায়ী সদস্য দেব প্রসাদ দাস দেবু, তপন দাশ বর্মন, গোলাম সরওয়ার, এস এম আফজল রহিম সিদ্দিকী, সান্টু কুমার দাশ, মোহাম্মদ ফারুক, রাজেশ চক্রবর্তী, সোহেল সরওয়ার, ফরিদ উদ্দিন, সাইদুল ইসলাম, সুবল বড়ুয়া, সরওয়ার কামাল, ইমরান এমি, এম এ হান্নান কাজল, বাচ্চু বড়ুয়া, নুর মোহাম্মদ রুবেল, কমল দাশ, শ্যামল নন্দী সহ প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে এবং চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

নিউজ মেট্রো ডেস্ক :

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বুধবার রাজধানী ঢাকাসহ সারাদেশে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটিকে দেশব্যাপী ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপন করা হয়।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বুধবার ভোর ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, জাতির পিতার সমাধী ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল, মোনাজাত, প্রার্থনা, আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা, পুরস্কার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুস্থদের মাঝে খাবার বিতরণ ইত্যাদি। এই সকল কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময়ে বিউগলে করুণ সুর বাজানো হয়। সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ করেন এবং মুনাজাতে অংশ নিয়ে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট হত্যাযজ্ঞে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময়ে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্যেও দোয়া করা হয়। এর আগে রাষ্ট্রপতি ধামনন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে স্বাগত জানান। এ সময় সেখানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন।
এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জাতির পিতার প্রতিকৃতিতে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবন এলাকা ত্যাগ করার পর ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
পরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তাঁর সামরিক সচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব বঙ্গবন্ধুর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড-অব-অনার প্রদান করে।
আজ ছিল সরকারি ছুটির দিন। দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলোতে বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করা হয়।
জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিসৌধ কমপ্লেক্সে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেছা ইন্দিরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। দ্বিতীয় শ্রেনীর ছোট্ট ছাত্র স্বপ্নীল বিশ^াস বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি পরিবেশন করে এবং অপর শিশু ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী আনুসুয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দেশের সকল শিশুদের পক্ষে তৃতীয় শ্রেনীর শিশু সাফওয়ান এবং চতুর্থ শ্রেনীর রুবাবা জামান বক্তৃতা করেন।
এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সরা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ সভায় সভাপতিত্ব করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউড প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সারাদেশের সকল সরকারি হাসপাতাল রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আজিমপুরে এতিমখানায় শিশুদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি প্রমুখ বক্তব্য রাখেন।
মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

পবিত্র শবে বরাত ২৯ মার্চ

0
পবিত্র শবে বরাত ২৯ মার্চ

বাংলাদেশের আকাশে রোববার কোথাও ১৪৪২ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে  ১৫ মার্চ সোমবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৬ মার্চ মঙ্গলবার থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। প্রেক্ষিতে আগামী ২৯ মার্চ  দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

রোববার  সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব  মোঃ নূরুল ইসলাম।

সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মিজান-উল-আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আলতাফ হোসেন চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, ঢাকা জেলার জেলা প্রশাসক মুহাম্মদ মামুনুল হক, সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার মুহ. সাইফুল্লাহ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো: ছাইফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মুহা. নেছার উদ্দিন জুয়েল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মুহঃ আছাদুর রহমান, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মোঃ আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

-তথ্য বিবরণী

সারাদেশে সব মার্কেট বন্ধ থাকবে ১৭ মার্চ

সারাদেশে সব মার্কেট বন্ধ থাকবে ১৭ মার্চ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ সারাদেশের সব মার্কেট ও দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ সারাদেশে মার্কেট ও দোকান বন্ধ রাখা হবে। একইসঙ্গে মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য দোকান মালিকদের অনুরোধ জানানো হয়েছে।

দোকান মালিক সমিতির এ সভায় সংগঠনের সভাপতি ও মহাসচিব ছাড়াও সভায় এফবিসিসিসিআই পরিচালক আব্দুর রাজ্জাক, আবু মোতালেব ও হাফেজ হারুন এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা রেজাউল ইসলাম মন্টু, নুরুল ইসলাম, হুমায়ুন কবির আজাদ, আতিকুর রহমান, বিভোর চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা এসএম শামসুল হক, এসএম আবু সাইদ সুফি, ইন্তেসার আহমেদ চৌধুরী, শাহাদত হোসেন, আনোয়ার হোসেন লিটু, গোলাম রসুল ও ফরহাদ রানা উপস্থিত ছিলেন।

-নিউজ মেট্রো ডেস্ক

ম্যাজিস্ট্রেটকে শো’কজ হাইকোর্টের

ম্যাজিস্ট্রেটকে শো’কজ হাইকোর্টের

নিউজ মেট্রো প্রতিনিধি :

আসামির ওপর পুলিশি নির্যাতনের কথা জেনেও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ওই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করায় চাঁদপুর আদালতের এক ম্যাজিস্ট্রেটকে শো’কজ করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

মামলা পর্যালোচনায় জানা যায়, একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে  ২০১৯ সালের ১৯ আগস্ট চাঁদপুরে সোহেল রানা নামে এক শিক্ষার্থী খুন হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ হত্যার ঘটনায় ফরহাদ, মেহেদী ও রুবেল নামে তিন আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।

এদের মধ্যে আসামি ফরহাদ হাইকোর্টে জামিন আবেদন করে। তার জামিন আবেদনের ওপর শুনানিকালে আইনজীবী দাবি করেন, ফরহাদ যে স্বীকারেক্তিমূলক জবানবন্দী দিয়েছে তাতে ম্যাজিস্ট্রেট তার বয়স ১৬ বছর উল্লেখ করেছেন। অথচ পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে ১৯ বছর। আইনজীবী বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দীতেই ম্যাজিস্ট্রেট বলছেন যে আসামিকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে বলে প্রতীয়মান হয়। আসামির ওপর নির্যাতন করা হয়েছে, এটা জানার পরও ম্যাজিস্ট্রেট সংশ্লিস্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে জবানবন্দী রেকর্ড করেছে। ওই জবানবন্দীর কপি দেখে হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেন।

আদালত বলেন, বিচারকের সামনে হাজির করা আসামির ওপর নির্যাতন করা হয়েছে কীনা তা দেখার দায়িত্ব তার। আসামির শরীরে নির্যাতনের চিহ্ন থাকলে সে অনুযায়ী তার ব্যবস্থা নেওয়ার কথা। পুলিশ নির্যাতন করলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। এর পরও আসামির জবানবন্দী গ্রহণ করায় হাইকোর্ট সংশ্লিস্ট ম্যাজিস্ট্রেটকে শোকজ করে আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রিমি নাহরিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

উচ্চশিক্ষা চর্চায় পরিবর্তন ঘটাবে ব্লেন্ডেড লার্নিং : সাঈদ আল নোমান

উচ্চশিক্ষা চর্চায় পরিবর্তন ঘটাবে ব্লেন্ডেড লার্নিং : সাঈদ আল নোমান
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভায় উপাচার্য অধ্যাপক সিকান্দার খানসহ সদস্যবৃন্দ

করোনার প্রকোপে অনলাইন পাঠদানের সফল ও সময়োপযোগী পদক্ষেপের ধারাবাহিকতায় এবার নতুন আঙ্গিকে উচ্চশিক্ষার চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলে দেয়া হলেও অনলাইন কার্যক্রম উন্নয়নের সুফলকে কাজে লাগিয়ে এ চর্চা ধরে রাখতে ইডিইউতে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ব্লেন্ডেড লার্নিং বা মিশ্র পাঠদান কৌশল। ১৩ মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২০তম সভায় এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা শেষে তা অনুমোদন দেয়া হয়।
উপাচার্য অধ্যাপক সিকান্দার খানের সভাপতিত্বে এ সভায় অনলাইনে যুক্ত হন ইডিইউর বোর্ড অব ট্রাস্টিজের পক্ষে প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। তিনি বলেন, ইডিইউতে এ বছরের শুরু থেকে পরীক্ষামূলকভাবে অনলাইন ও ক্যাম্পাসে একইসাথে পাঠদানের মাধ্যমে ব্লেন্ডেড লার্নিং বা মিশ্র পাঠদান কৌশল প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে প্রতিটি শ্রেণীকক্ষকে ‘একটিভ লার্নিং’ বা ‘ফ্লিপড’ ক্লাসরুম হিসেবে গড়ে তোলা হচ্ছে।
তিনি আরো বলেন, ‘ফ্লিপড ক্লাসরুম’ এমন এক ধরনের কৌশল যেখানে শিক্ষার্থীরা ঘরে বসে রেকর্ড করা ভিডিও ও পাঠ্যপুস্তকের সাহায্যে কোনো একটি টপিক বা বিষয়ের সাথে পরিচিত হয়। পরে ক্লাসে সেই নির্দিষ্ট বিষয়ে লেকচার দানের মাধ্যমে টপিকটি বিস্তারিতভাবে শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয় এবং এরপর ক্লাসরুমে বা বাড়িতে অনুশীলনের জন্য তাদের এসাইনমেন্ট ও প্রজেক্ট দেওয়া হয়। এভাবে যে কোনো বিষয়ে তত্ত্বীয় ও প্রয়োগিক উভয় রূপে পারদর্শী হয়ে উঠছে শিক্ষার্থীরা। এভাবে উচ্চশিক্ষার চর্চায় ও শিক্ষার্থীদের দক্ষতায় ইতিবাচক পরিবর্তন আসবে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, ইডিইউ গতানুগতিক কারিকুলাম অনুসরণ করে না। বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর আদলে সর্বাধুনিক বিষয় ও শিক্ষাপদ্ধতিকে আমাদের কারিকুলামে সমন্বয় করা হয়। তাই প্রতিটি প্রোগ্রামের সিলেবাস ও কারিকুলাম নিয়মিত উন্নত করি আমরা।
সভায় স্প্রিং ২০২১ সেমিস্টারের একাডেমিক ক্যালেন্ডার, বিওটি গ্রান্ট স্কলারশিপ, চেয়ারম্যান ডিস্টিংগুইশড স্কলারশিপ, ডিন’স অ্যাওয়ার্ড ও জেরিন-জাহরা মেমোরিয়াল স্কলারশিপে মনোনীত শিক্ষার্থীদের তালিকা এবং এমএসসি ইন ইটিই, বিএসসি ইন সিএসসি ও ট্রিপল ই, বিবিএ ও এমবি, বিএ ও এমএ ইন ইংলিশ এবং বিএ ইন ইকনোমিক্স প্রোগ্রামের পরিবর্তিত সিলেবাস অনুমোদন দেয়া হয়।
এতে রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী, অধ্যাপক আবদুল মালেক, অ্যাসোসিয়েট ডিন যথাক্রমে স্কুল অব লিবারেল আর্টসের মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ড. মো. নাজিম উদ্দিন ও স্কুল অব বিজনেসের ড. মোহাম্মদ রকিবুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

-প্রেস বিজ্ঞপ্তি