Home Blog Page 33

কারাগারে মুশতাকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

কারাগারে মুশতাকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

নিউজ মেট্রো প্রতিনিধি :

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের বন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
কমিটির সদস্যরা হলেন—গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা।
কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

ডিজিটাল নিরাপত্তা আইনে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন লেখক মুশতাক আহমেদ (৫৩)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
রাত ৮টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনাকে অস্বাভাবিক আখ্যায়িত করে এর রহস্য উদ্ঘাটনের দাবিতে সারাদেশে বিক্ষোভ করছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শনিবার

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শনিবার
নিউজ মেট্রো ডেস্ক :
আগামীকাল শনিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করার বিষয়ে কথা বলতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিকাল চারটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করা উপলক্ষে গণভবন হতে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্তে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে শনিবার বিকাল ৪টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিওর মাধ্যমে সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

সরকারকে অস্থিতিশীল করতেই বিডিআর হত্যাকান্ড : তথ্যমন্ত্রী

সরকারকে অস্থিতিশীল করতেই বিডিআর হত্যাকান্ড : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগ সরকারকে অস্থিতিশীল করতেই বিডিআর হত্যাকান্ড সংগঠিত হয়েছিল মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তখন সদ্য সরকার গঠন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের সরকারের তখনো দুইমাস পূর্তি হয়নি, প্রায় দেড় মাসের মাথায় এই হত্যাকান্ড সংগঠিত হয়েছিল। এই হত্যাকান্ড সংগঠনের পেছনে মূল উদ্দেশ্য ছিল সরকারকে অস্থিতিশীল করা।
তিনি বলেন, বিডিআর হত্যাকান্ডের বিচার ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে, দেশের ইতিহাসে নয় শুধু পৃথিবীর অন্যান্য দেশের নিরিখেও এতবড় একটি হত্যাকান্ডের এতগুলো আসামীর বিচার কম হয়েছে। আমাদের দেশের ইতিহাসে এতজন আসামীর বিচার আর হয়নি। বিশ^ পেক্ষাপটেও এতগুলো আসামীর বিচার কোথাও হয়েছে বলে আমার জানা নেই।
শুক্রবার  বিকেলে তথ্যমন্ত্রীর চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড়স্থ বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি ক্ষমতায় আসলে বিডিআর হত্যাকান্ডের বিচার করবেন দলটির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক রী ড. হাছান মাহমুদ বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেছেন, বিডিআর হত্যাকান্ডের আগে বেগম খালেদা জিয়া কেন প্রত্যুষে ক্যান্টনমেন্টের বাইরে চলে গিয়েছিল ? অথচ তিনি দিনের বারোটার আগে ঘুম থেকে উঠেননা। তিনি কেন এদিন তারেক রহমানের সাথে ৩০ থেকে ৪০ বার কথা বললেন ? এই রহস্যগুলো বের হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তাহলেই মুখোশ উম্মেচিত হবে কারা এর পেছনে কলকাঠি নেড়েছিল।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনের মামলার বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে মামলা যে কেউ করতে পারে, মামলা করার অধিকার সবারই আছে, তবে বাস্তবতাকে মেনে নিতে হবে বিএনপিকে।
তথ্যমন্ত্রী বলেন, ডা. শাহাদাতকে আমি অনুরোধ জানাবো তার দলের কেন্দ্রিয় নেতাদের প্রশ্ন রাখার জন্য, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ সবল থাকা সত্ত্বেও নির্বাচনে কেন্দ্রিয় নেতারা কেউ চট্টগ্রামে আসলেননা কেন। এমনকি চট্টগ্রামে যে সমস্ত কেন্দ্রিয় নেতা আছেন তারাও কিন্তু নির্বাচনের সময় তার পক্ষে নামেননি। আমির খসরু মাহমুদকে দুয়েকবার দেখা গেলেও তা প্রেস কনফারেন্সের মধ্যে সীমাবদ্ধ। তার দলের স্থানীয় নেতারাও প্রথমে কিছুটা সরব থাকলেও পরবর্তীতে তারা ঘরের মধ্যে চলে যান। এজন্য ডা. শাহাদাতকে বলবো এই প্রশ্নগুলো তার দলের নেতাদের কাছে করে তাদের বিরুদ্ধেও যাতে একটা মামলা করেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে আটক লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে বাংলাদেশের সব মানুষকে ডিজিটাল নিরাপত্তা দেয়ার জন্য। ডিজিটাল বিষয়টা আজ থেকে ১০-১৫ বছর আগে ছিলনা, সুতরাং ডিজিটাল নিরাপত্তার বিষয়টিও ছিলনা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে যখন একজন সাংবাদিকের চরিত্র হনন করা হয়, একজন গৃহিনীকে যখন অপবাদ দেয়া হয়, একজন সাধারন মানুষ যখন ডিজিটাল আক্রমণের শিকার হন, তিনি কোন আইনে প্রতিকার পাবেন, তখন কোন আইনের বলে সে নিরাপত্তা পাবে, সেজন্য একটা আইনের দরকার। এই জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন।
মুশতাক আহমেদের মৃত্যুটা সত্যিই অনভিপ্রেত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমিও তার মৃত্যুতে শোক প্রকাশ করছি, সেখানে কারা কর্তৃপক্ষের কোন গাফেলতি ছিল কিনা সেটা খুঁজে দেখা যেতে পারে। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার যাতে নাহয় সেটির জন্য আমরা সচেতন আছি, বিশেষত সাংবাদিকদের বিরুদ্ধে যাতে এই আইনের অপব্যবহার নাহয়, সেজন্য তথ্যমন্ত্রণালয় ও আমি ব্যক্তিগত ভাবে সবসময় সচেতন আছি এবং কোনখানে এধরণের ঘটনা ঘটলে খোঁজখবর নিয়ে ব্যবস্থাও গ্রহণ করা হয়, বলেন- তথ্যমন্ত্রী।

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৭

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৭
  • নিউজ মেট্রো প্রতিনিধি :
    ঢাকা-সিলেট মহাসড়কে রশিদপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
    স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সকাল সাড়ে ছয়টার দিকে সিলেটমুখী লন্ডন এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী এনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ৬জন। পরে হাসপাতালে নেয়ার পর আরো ১জনের মৃত্যু হয়।আহত হয়েছে আরো অন্তত ২০ জন।
    দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সেখানে উদ্ধার কাজ শুরু করে এবং হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
    সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম ‍দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মেরিন গ্র্যাজুয়েটদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মেরিন গ্র্যাজুয়েটদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নিউজ মেট্রো ডেস্ক :
সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশে ও বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মেরিন গ্রাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামস্থ বাংলাদেশ মেরিন একডেমিতে ৫৫ ব্যাচের ক্যাডেটদের মুজিবর্ষ গ্রাজুয়েশন প্যারেডে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী পাসিং আউট ক্যাডেটদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘সমুদ্রচারণ বিষয়টা বেশ চ্যালেঞ্জিং, খুব কঠিন একটা দায়িত্ব। কিন্তু দায়িত্বটা পালন করার মত প্রশিক্ষণ গ্রহণ করে তোমরা কর্মক্ষেত্রে যোগ দেবে।’
তিনি বলেন, জাতির পিতা হাতেগড়া এই প্রতিষ্ঠানটি প্রায় মুমূর্ষু আবস্থায় তাঁর সরকার পেয়েছিল। কাজেই, তা উন্নত করবার জন্য ব্যাপক কর্মসূচিও তাঁর সরকার বাস্তবায়ন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মেরিন একাডেমি’-সরকারি ৫টি ও বেসরকারি ৬টিসহ সমুদ্র-বিশ্বের চাহিদা অনুযায়ী, আমরা আরও চারটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করেছি। যা এবছরেই চালু হচ্ছে। তিনি বলেন, তাঁর সরকার জাহাজ চলাচলে উচ্চতর শিক্ষার প্রবর্তনের জন্য ২০১৩ সালে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠা করেছে। দায়িত্ব গ্রহনের পর ছেলে-মেয়েদের জন্য শিক্ষার বিভিন্ন সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, এর আওতায়, তোমাদের বিদ্যমান তিন বছর মেয়াদী ব্যাচেলর অব মেরিটাইম সাইন্স পাস ডিগ্রি কোর্সকে, চার বছর মেয়াদী অনার্স কোর্সে উন্নীত করা হয়েছে। পাশাপাশি, প্রবর্তন করা হয়েছে ‘মাস্টার অব মেরিটাইম সায়েন্স’ ডিগ্রী কোর্স। শেখ হাসিনা বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশে^ও সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে সর্বোচ্চ শিক্ষাটা গ্রহণ করা দরকার, সেভাবেই প্রশিক্ষিতও হবে হবে। তাই, সে সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি।’
বিগত ১০ বছরে এই একাডেমির শিক্ষাদান ট্র্যাডিশনাল থেকে ডিজিটালে রূপান্তরিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্য মার্চেন্ট নেভি ট্রেনিং বোর্ডের স্বীকৃতিসহ অর্জিত হয়েছে নানাবিধ আন্তর্জাতিক স্বীকৃতি।
তিনি বলেন, একাডেমির নটিক্যাল প্রশিক্ষণকে উন্নততর করার লক্ষ্যে, ২০১৯ সনে একাডেমিতে স্থাপন করা হয়েছে ‘নেভিগেশন সিমুলেটর’। পাশাপাশি, এবছরই উন্নততর মেরিন ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণের স্বার্থে চলমান রয়েছে ‘ইঞ্জিন কন্ট্রোল সিমুলেটর’ স্থাপনের প্রক্রিয়া। অর্থাৎ এই একাডেমিকে পুর্ণাঙ্গ রূপ আমরা দিতে যাচ্ছি যাতে আমাদের ক্যাডেটরা দেশে এবং বিদেশে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়ে তাঁদের দায়িত্ব পালন করতে পারে।
প্রধানমন্ত্রী ৫৫ ব্যাচের ক্যাডেটদের মনমুগ্ধকর কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। অনুষ্ঠান থেকে তাঁকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রী অনুষ্ঠানে পাসিং আউট ক্যাডেটদের মাঝে রাষ্ট্রপতি স্বর্ণ পদক এবং বাংলাদেশ শিপিং করের্পারেশন পদক প্রদান করেন।
চিফ ক্যাডেট ক্যাপ্টেন আবির মোহাম্মদ সালমান নূর সার্বিক বিবেচনায় সফল চৌকষ ক্যাডেট হিসবে রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেন।
অনুষ্ঠানে ক্যাডেটদের শপথ বাক্য পাঠ করান প্রতিষ্ঠানের কমান্ড্যান্ট মেরিন ইঞ্জিনিয়ার ড. সাজ্জাদ হুসেইন।
এবারের ৫৫ ব্যাচে ১৯২জনসহ এই মেরিন একাডেমি থেকে এ পর্যন্ত পাসিং আউট ক্যাডেটের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজারে দাঁড়িয়েছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মেরিন একাডেমির লেকে দু’টি প্রশিক্ষণ বোটের কমিশনিং এবং পোস্ট-সি ক্যাডেট বন্টকের (১২০ জন ধারণ ক্ষমতাসম্পন্ন) নবায়ন করেন।

উচ্ছেদের আগে লালদিয়ার চরের মানুষের পুনর্বাসন চাই : শাহাদাত

0
উচ্ছেদের আগে লালদিয়ার চরের মানুষের পুনর্বাসন চাই : শাহাদাত
লালদিয়ার চর বাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখছেন ডা. শাহাদাত হোসেন
নিউজ মেট্রো ডেস্ক :
পতেঙ্গার লালদিয়ার চরের মানুষকে উচ্ছেদের আগে তাঁদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি প্রশ্ন তুলেছেন- রোহিঙ্গারা দেশের নাগরিক না হয় যদি সরকার তাদের পুনর্বাসন করতে পারে, তাহলে কেন লালদিয়ার জনসাধারণ এই দেশের নাগরিক হয়েও পুনর্বাসন হবে না?
বৃহস্পতিবার বিকেলে পতেঙ্গা ওয়ার্ডে লালদিয়ার চর এলাকা পরিদর্শন করতে গিয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে একথা বলেন তিনি।
ডা. শাহাদাত বলেন, লালদিয়ার চর এলাকার মানুষ দীর্ঘ ৫০ বছর ধরে এখানে বসতি করে আসছে। তাদেরকে যদি বন্দর কর্তৃপক্ষের উচ্ছেদ করতে হয় তাহলে তাদেরকে পুনর্বাসন করতে হবে সরকার ও বন্দরের কর্তৃপক্ষকে।  দেশের ক্ষতিগ্রস্ত জনসাধারণকে উচ্ছেদের আগে পুনর্বাসন করা এটা সরকারের সাংবিধানিক দায়িত্ব। দেশের একজন নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার। তাই এদেশের নাগরিক হিসেবে লালদিয়ার চরের জনসাধারণ এর বাসস্থানের অধিকার রয়েছে।
তিনি বলেন, বন্দরের মাফিয়ারা বন্দর ব্যবহার করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এছাড়াও বন্দরের টাকা দিয়ে দেশের উন্নয়ন হতে পারলে কেন বন্দর কর্তৃপক্ষ যাদের উচ্ছেদ করে তাদের পুনর্বাসন করবে না-আজ সাধারণ জনগণ তা জানতে চায়। অবিলম্বে লালদিয়ার চর এলাকার জনসাধারণ পুনর্বাসন করে বাসস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান।
এসময়  উপস্থিত ছিলেন বিএনপি নেতা,ডাঃ নুরুল আবচার, মোঃশাহাবুদ্দিন, মোঃ ইকবাল হোসেন, মোঃ ইলিয়াস, মোঃ হারুন কোম্পানি, শফি মেম্বার, পতেঙ্গা থানা বিএনপি নেতা লোকমান হোসেন, আতিকুর রহমান, হান্নান, জসিম উদ্দিন মিল্কি, জিয়াউর রহমান, যুবদল নেতা খুরশিদ আলম, হোসেন রানা, জাহেদ ইউছুপ, মোঃ শামিল, মৎসজিবী দলের সালাউদ্দিন, জালাল উদ্দীন, সোহাগ খান, জাহাঙ্গীর, আলম, সালাউদ্দিন, নিজাম, কায়ছার, হামিদ প্রমুখ নেতৃবৃন্দ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সকল পর্যায়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মে থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা গ্রহণ শুরু হবে। ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ স্থগিত পরীক্ষা এবং ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাসহ অন্যান্য সকল প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা ২৪ মে থেকে শুরু হবে। এছাড়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম আগামী ৮ জুন থেকে শুরু হবে।
শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার বিস্তারিত সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে।
-তথ্য বিবরণী

চট্টগ্রাম জেলা পুলিশের নতুন ভবন উদ্বোধন শুক্রবার

চট্টগ্রাম জেলা পুলিশের নতুন ভবন উদ্বোধন শুক্রবার
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত জেলা পুলিশের নতুন ভবন উদ্বোধন হচ্ছে শুক্রবার। এদিন সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল এর উদ্বোধন করবেন।
২০১৭ সালে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। চার তলা বিশিষ্ট নান্দনিক এ ভবনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, গত তিন বছর ধরে হালিশহর জেলা পুলিশ লাইনের একটি ভবন অস্থায়ীভাবে জেলা পুলিশের কার্যালয় হিসাবে ব্যবহার হয়ে আসছে। নতুন ভবন উদ্বোধনের পর থেকে এখানেই যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।

চসিক নির্বাচনে কারচুপির অভিযোগে সিইসি ও মেয়রের বিরূদ্ধে মামলা

চসিক নির্বাচনে কারচুপির অভিযোগে সিইসি ও মেয়রের বিরূদ্ধে মামলা
আদালতে মামলা দায়ের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. শাহাদাত হোসেন
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে কারচুপির অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী, নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং কর্মকর্তা ও পরাজিত অপর পাঁচ মেয়র প্রার্থীকে বিবাদী করা হয়েছে।
মামলায় নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনেরও আবেদন করা হয়েছে।
বুধবার সকালে দিকে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক চট্টগ্রামের প্রথম যুগ্ম-জেলা জজ খাইরুল আমিনের  আদালতে এ মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ভোটের দিন দুপুর পর্যন্ত ৪ থেকে ৬ শতাংশ ভোট পড়েছে। কিন্তু ভোটের হিসাবে দেখানো হয়েছে ২২ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম সর্বোচ্চ ২৫ হাজার ভোট বেশি পেয়েছেন। কিন্তু তাকে আরও সাড়ে তিন লাখ ভোট যোগ করে মেয়র বানানো হয়েছে। মামলায় বলা হয়, মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন চসিক নির্বাচনের ভোটের হিসাব চেয়ে এখনও পাননি। কোনো কেন্দ্র থেকে ইভিএমের প্রিন্ট কপি দেয়া হয়নি। নির্বাচনে তাকে জোর করে হারিয়ে দেয়া হয়েছে।
মামলা দায়ের শেষে ডা. শাহাদাত হোসেন নিউজ মেট্রো টুয়েন্টি ফোরকে বলেন, চসিক নির্বাচনে মোট ৪৮৮৫টি কেন্দ্রে ইভিএম-এ ভোট গ্রহণ করা হলেও মাত্র ২০টি কেন্দ্রে মেশিনে প্রিন্টেড ফলাফল দিয়েছে। বাকি ৪৬৬৫টি কেন্দ্রের হাতে লেখা ফলাফল প্রকাশ করেছে।
তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে সবগুলো কেন্দ্রের প্রিন্টেড ফলাফলের লিখিত আবেদন জানালেও তারা তা দিতে ব্যর্থ হয়েছে।’
ডা. শাহাদাত বলেন, নির্বাচন কমিশন ২৮টি কেন্দ্রে আমাকে শূন্য ভোট এবং ১৭৮টি কেন্দ্রে ১০টির কম ভোট দেখিয়েছে যা সম্পূর্ণ অবাস্তব ও ভোট জালিয়াতি জ্বলন্ত নমুনা। এসবের প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের করেছি।
ডা. শাহাদাত হোসেনের পক্ষে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও  চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি দেলওয়ার হোসেন আদালতে এ মামলা দায়ের করেন। এসময়  বিপুলসংখ্যক আইনজীবী তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
গত ২৭ জানুয়ারি চসিক নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পান ৫২ হাজার ৪৮৯ ভোট। নির্বাচনের পর সংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিরূদ্ধে কারচুপির অভিযোগ করে আসছিলেন ডা. শাহাদাত হোসেন ও বিএনপি নেতারা।
গত ১৫ ফেব্রুয়ারি নব-নির্বাচিত মেয়র রেজাউল করিম চসিকের দায়িত্বগ্রহণ করেন।