Home Blog Page 40

চট্টগ্রামে বারের নতুন সভাপতি এনাম সেক্রেটারী জিয়া

চট্টগ্রামে বারের নতুন সভাপতি এনাম সেক্রেটারী জিয়া
নিউজ মেট্রো প্রতিনিধি :
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ১৪ পদে আওয়ামী লীগ সমর্থিত ও সভাপতিসহ ৫ পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয় লাভ করেছেন। বুধবার রাত সাড়ে ১১টায় এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে ১হাজার ৮৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. এনামুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত এম এ হাশেম পেয়েছেন ১হাজার ৫৪৯ ভোট।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্রার্থীরা সেক্রেটারি, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, লাইব্রেরি সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক এবং সাতটি সদস্য পদসহ মোট ১৪ টি পদে  জয় লাভ করেছেন। অন্যদিকে মিলে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, তথ্য প্রযুক্তি সম্পাদক ও তিনটি সদস্য পদে জয়লাভ করেছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে ঐক্য সৈয়দ আনোয়ার হোসেন (বিএনপি), সহ-সভাপতি পদে  আলী আশরাফ চৌধুরী (আ. লীগ), সহ-সাধারণ সম্পাদক পদে মো. আবদুল্লাহ আল মামুন (আ. লীগ), অর্থ সম্পাদক পদে এসএম অহিদুল্লাহ (আ.লীগ), লাইব্রেরি সম্পাদক পদে মো. নজরুল ইসলাম (আ.লীগ), সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক  মো. মনজুরুল আজম চৌধুরী (আ.লীগ), তথ্য প্রযুক্তি সম্পাদক পদে  মাহমুদ উল আলম চৌধুরী মারুফ (বিএনপি)।
সদস্য পদে জয় লাভ করেছেন- ফাতেমা নারগিস হেনা (আ.লীগ), এসএম আরমান মহিউদ্দিন (আ.লীগ), আবু নাসের রায়ান (আ.লীগ), সাহেদা বেগম (আ.লীগ), কাইরুন্নেসা (আ.লীগ), জোহরা সুলতানা মুনিয়া (আ.লীগ), মমিনুর রহমান (আ.লীগ),মারুফ মো. নাজেবুল আলম (বিএনপি), নুর কামাল (বিএনপি) ও মো. সরওয়ার হোসাইন লাভলু (বিএনপি)।
বুধবার অনুষ্ঠিত এ নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৫ হাজার ৪০০ জন ভোটার ভোট দেন।

বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে দুবাইয়ে ‘রোড শো’

বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে দুবাইয়ে ‘রোড শো’

বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপন করতে সংযুক্ত আরব আমিরাতে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক চারদিনব্যাপী এক রোডশোর আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বুধবার রোড শো’র উদ্বোধন করেন।

এসময় ভূমিমন্ত্রী বলেন, পুঁজিবাজারে গতিশীলতা আনতে প্রকৃত উদ্যোক্তাদের ‘গ্রিনফিল্ড প্রকল্প’ গ্রহণে উৎসাহ দিয়ে পুঁজিবাজারে আসার আহ্বান জানাতে হবে। এতে পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারীগণের আস্থা বৃদ্ধি পাবে ও সার্বিকভাবে ‘উইন-উইন সিচুয়েশন’ তৈরি হবে।

তিনি বলেন, যথাযথ গবেষণা ও শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ পুঁজিবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কনসালটেন্সি সার্ভিস প্রদান প্রবাসীদের জন্য বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করবে বলে তিনি মত প্রকাশ করেন। এসময় সাইফুজ্জামান চৌধুরী পুঁজিবাজারের ঝুঁকিপূর্ণ প্রকৃতির বিষয়ে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতাও তুলে ধরেন। তিনি বিএসইসি-এর বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন এবং বর্তমান কমিশনকে তাঁদের বিভিন্ন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

গতকাল রোডশো-এর প্রথমদিন প্রবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে আবেদন সৃষ্টির লক্ষ্যে পৃথক দুটি পর্বে ‘বাংলাদেশের পুঁজিবাজার’ শীর্ষক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ রোডশো-এর দ্বিতীয় ও কাল তৃতীয়দিন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য যথাক্রমে ‘সুকুক (ইসলামি বন্ড): বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ’ ও ‘বাংলাদেশে বেসরকারি ভেঞ্চার ক্যাপিটাল এবং প্রাইভেট ইক্যুইটি খাতে বিনিয়োগের সুযোগ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলন হবে।

  নিউজ মেট্রো ডেস্ক

চট্টগ্রামে জয়িতা সম্মাননা পেলেন ৫৪ নারী

0
চট্টগ্রামে জয়িতা সম্মাননা পেলেন ৫৪ নারী

নিউজ মেট্রো প্রতিনিধি :

বিভিন্নক্ষেত্রে সফলতার জন্য ৫৪ জন নারীকে জয়িতা হিসেবে সম্মাননা জানিয়েছে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন। তাদের দেয়া হয়েছে সনদ ক্রেষ্ট ও সম্মানী । মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি  বুধবার সকাল ১১ টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম জেলা  শিল্পকলা একাডেমিতে  চট্টগ্রাম জেলা জয়িতা সংর্ধ্বনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সম্মাননা প্রাপ্ত ৫৪ জনের মধ্য থেকে সফল জননী হিসেবে চট্টগ্রামের মনোয়ারা বেগম,  শিক্ষা ও চাকরি ক্ষেতে কুমিল্লার সুফিয়া আক্তার, অর্থনীতিতে রাঙ্গামাটির জয়শ্রী ধর, সমাজ উন্নয়নের ক্ষেত্রে ব্রাক্ষনবাড়িয়ার তাছলিমা খানম এবং বিভীষিকাময় নারী হিসেবে লক্ষিপুরের  শিরিণ আক্তারকে  শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক অংশ নারী। এ নারী সমাজকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে সংবিধানে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার নারীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে।

তিনি বলেন, নারীর লালিত স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়িতা ফাউন্ডেশন নির্মাণ করেছেন। নারীর দক্ষতা, যোগ্যতা ও ক্ষমতায়নের জন্য তৃনমূলে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা রেখেছেন। পুরুষের পাশাপাশি নারীরা এখন স্বাবলম্বী হতে শিখেছে। পরিবার ও সমাজে নারীরা শিদ্ধান্ত  নিতে পারেন। সর্বত্র নারীর গ্রহণ যোগ্যতা বেড়েছে। নারীরা আমাদের সমাজে সমান তালে এগিয়ে যাচ্ছে। নারীরা এখন বাংলাদেশের উন্নয়নের সহযোদ্ধা বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রান্তে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন শাহা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক সংসদ চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ( উপপরিচালক) মাধবী বড়ুয়া উপস্থিত ছিলেন।

সুরক্ষাবিধি মেনে দ্বিতীয় দফা ভর্তি পরীক্ষা নিলো ইডিইউ

সুরক্ষাবিধি মেনে দ্বিতীয় দফা ভর্তি পরীক্ষা নিলো ইডিইউ

ক্যাম্পাসে ও অনলাইনে একযোগে ভর্তি পরীক্ষা নিয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। ক্যাম্পাসে কিংবা বাসায় বসে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে একইসাথে পরীক্ষায় অংশ নিয়েছে ভর্তিচ্ছুরা। ক্যাম্পাসে অনুষ্ঠিত পরীক্ষায় সামাজিক দূরত্ব ও সুরক্ষাবিধি মেনে ভর্তিচ্ছুদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ ও আসন বিন্যাস করা হয়। স্প্রিং ২০২১ সেমিস্টারে দ্বিতীয় দফায় আজ ১০ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী তিনটি স্কুলের অধীনে দশটি বিভাগে পৃথক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাসে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। তিনি বলেন, বর্তমান বিশ্ব চালিত হচ্ছে প্রযুক্তির সহযোগিতায়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সর্বাধুনিক প্রযুক্তির সন্নিবেশ হয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে। করোনা অতিমারীর মোকাবেলায় সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত আধুনিকায়নের মাধ্যমে পড়ালেখা ও পরীক্ষার ধারাবাহিকতা এবং মান বজায় রাখা হয়েছে। তারই ফলশ্রুতিতে বেøন্ডেড লার্নিংয়ের মাধ্যমে ক্যাম্পাসে ও অনলাইনে একযোগে পরীক্ষামূলক ক্লাস ও ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে ইডিইউতে।
দু’শতাধিক ভর্তিচ্ছু ক্যাম্পাসে ও অনলাইনে একই ই-প্ল্যাটফর্ম ব্যবহার করে অংশ নিয়েছে এ ভর্তি পরীক্ষায়। ক্যাম্পাসে আসা বা অনলাইন দুটোর যেকোনোটি বেছে নেয়ার সুযোগ থাকায় প্রত্যেকে নিজের প্রয়োজন ও পছন্দ অনুসারে পরীক্ষাক্ষেত্র বেছে নিয়েছে।
ভর্তি পরীক্ষা নেয়া বিভাগগুলো হলো- স্নাতক পর্যায়ে বিবিএ, বিএ ইন ইংলিশ, বিএ ইন ইকনোমিক্স, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইলেক্ট্রিকাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং; স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, মাস্টার্স ইন ইংলিশ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি/মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম।
উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে করোনার সাধারণ ছুটির মধ্যে ভর্তি পরীক্ষা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে ইডিইউ। সুরক্ষিত ক্যাম্পাস ও অনলাইন প্ল্যাটফর্মের মেলবন্ধন ঘটিয়ে পরীক্ষা নেয়ার নজির বাংলাদেশে এটিই প্রথম। এর আগে সাধারণ ছুটির প্রথম দিন থেকেই প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে অনলাইনে ক্লাসগ্রহণ শুরু করি আমরা, যা বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনে এক নতুন মাইলফলক ও যুগান্তকারী উদ্যোগ।

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশক দীপন হত্যা মামলায় এবিটির ৮ সদস্যের ফাঁসির আদেশ

প্রকাশক দীপন হত্যা মামলায় এবিটির ৮ সদস্যের ফাঁসির আদেশ

নিউজ মেট্রো প্রতিনিধি :

বহুল আলোচিত ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আট সদস্যকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। বুধবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

২০১৮ সালের ১৫ নভেম্বর এ আট জনের বিরূদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি দক্ষিণের সহকারি পুলিশ কমিশনার ফজলুর রহমান।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, মইনুল হাসান শামীম (২৪) ওরফে সামির ওরফে ইমরান, মো. আ. সবুর (২৩) ওরেফে সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সাধ, খাইরুল ইসলাম (২৪) ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, মো. আবু সিদ্দিক সোহেল (৩৪) ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মো. মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন (২৫) , মো. শেখ আব্দুল্লাহ (২৭) ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের, সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক (৫০) ওরফে সাগর ওরফে ইশতিয়াক ওরফে বড় ভাই এবং আকরাম হোসেন ওরফে হাসিব (২৮) ওরফে আবির ওরফে আদনান ওরফে আব্দুল্লাহ। এদের মধ্যে মেজর জিয়া ও আকরাম শুরু থেকে পলাতক।
কারাগারে আটক ছয় আসামীকে রায় ঘোষণা উপলক্ষ্যে বুধবার আদালতে হাজির করা হয়। রায় শেষে পুনরায় তাঁদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে খুন হন ফয়সাল আরেফিন দীপন। সেদিন বিকেলে তার স্ত্রী শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।২০১৮ সালের ১৫ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি দক্ষিণের সহকারি পুলিশ কমিশনার ফজলুর রহমান। চার্জশিটে আটজনকে অভিযুক্ত ও ১১ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়।২০১৯ সালের ১৩ অক্টোবর ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার সাক্ষ্য, জেরা ও যুক্তিতর্ক শুনানি শেষে ২৪ জানুয়ারি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।

এশিয়ায় করোনার শ্লথ গতির নেপথ্যে নিউট্রোফিল ইলাসটেস!

এশিয়ায় করোনার শ্লথ গতির নেপথ্যে  নিউট্রোফিল ইলাসটেস!

এশীয়দের তুলনায় ইউরোপ-আমেরিকার বাসিন্দাদের দেহে একটি প্রোটিনের ঘাটতি বেশি হওয়ার জন্যই ওই দেশগুলিতে করোনার সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। উল্টো দিকে, এশিয়াবাসীর দেহে ওই প্রোটিনের ঘাটতি কম হওয়ায় সে অঞ্চলে করোনার গতিরোধ হচ্ছে। সম্প্রতি একটি সমীক্ষায় এমনটাই দাবি করলেন কল্যাণীর গবেষকরা।

গবেষকদের মতে, ‘নিউট্রোফিল ইলাসটেস’ নামে একটি প্রোটিনই ইউরোপীয় বা আমেরিকায় করোনার এক প্রজাতির বাড়বাড়ন্তের জন্য দায়ী। তাঁদের দাবি, এশীয়দের থেকে ইউরোপীয় বা আমেরিকানদের মধ্যে এটির ঘাটতি বেশি হওয়ায় তা প্রত্যক্ষ ভাবে ওই অঞ্চলে করোনার সংক্রমণের গতিতে মদত দিচ্ছে।

কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জেনোমিকস (এনআইবিএমজি)-এর ওই সমীক্ষকদের নেতৃত্বে ছিলেন নিধান বিশ্বাস এবং পার্থ মজুমদার। ‘ইনফেকশন, জেনেটিক্স অ্যান্ড ইভোলিউশন’ নামে একটি আন্তর্জাতিক জার্নাল গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষকদের পর্যবেক্ষণ, বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনার গতি সমান না হওয়ার পিছনে সামাজিক বা শারীরিক কারণের বদলে জৈবিক কারণ রয়েছে। গবেষকদের দাবি, পশ্চিমী দেশগুলির তুলনায় এশীয় অঞ্চলে ডি৬১৪জি নামে করোনার একটি প্রজাতি তেমন দ্রুত গতিতে ছড়াতে পারেনি। কেন এমনটা হয়েছে, তা বিশদে জানিয়েছেন তাঁরা। গবেষকেরা জানিয়েছেন, মানবদেহে নিউট্রোফিল ইলাসটেস নামে একটি প্রোটিনই করোনার একটি প্রজাতি (ডি৬১৪জি)-র সংক্রমণ দ্রুত গতিতে ছড়াতে সহায়ক হয়। কী ভাবে এমনটা হয়? গবেষকদের মতে, মানবদেহে নিউট্রোফিল ইলাসটেস-এর উৎপাদন কম হতে থাকলে আলফা-১ অ্যান্টিট্রাইপসিন (এএটি) নামে অন্য একটি প্রোটিন উৎপন্ন হয়। এএটি-র ঘাটতি হলেই মানবকোষে নিউট্রোফিল ইলাসটেস নামে প্রোটিনটির মাত্রা বেড়ে যায়। যা করোনাকে দেহে প্রবেশে সাহায্য করে। সেই সঙ্গে এই ভাইরাসের প্রজাতি (ডি৬১৪জি)-কে বহুগুণে বৃদ্ধিতেও সাহায্য করে।

গবেষকেরা জানিয়েছেন যে সমীক্ষায় দেখা গিয়েছে, এশিয়ায় ৫০ শতাংশ ফ্রিকোয়েন্সিতে পৌঁছতে ডি৬১৪জি-র সময় লাগে সাড়ে ৫ মাস। অন্য দিকে, ইউরোপে ২.১৫ মাসেই সেই লক্ষ্যে পৌঁছে যায় ওই প্রজাতি। উত্তর আমেরিকার ক্ষেত্রে সেই সময়টাই হল ২.৮৩ মাস। তাঁদের সমীক্ষা অনুযায়ী, মালয়েশিয়ায় প্রতি ১ হাজার ব্যক্তির মধ্যে ৮ জনের এএটি প্রোটিনের ঘাটতি দেখা যায়। দক্ষিণ কোরিয়ায় প্রতি হাজারে ৫.৪ জনের মধ্যে তা লক্ষ করা গিয়েছে। সিঙ্গাপুরে এই সংখ্যাই হল ২.৫। কিন্তু, স্পেনের মতো ইউরোপীয় দেশে প্রতি হাজারে ৬৭.৩ জনের মধ্যে এএটি প্রোটিনের ঘাটতি দেখা গিয়েছে। ব্রিটেনে হাজার প্রতি ৩৪.৬ জনের মধ্যে এই ঘাটতি রয়েছে। ফ্রান্স এবং আমেরিকায় তা হল যথাক্রমে ৫১.৯ ও ২৯ জন।

একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এনআইবিএমজি-এর গবেষক পার্থ মজুমদার বলেন, ‘‘কেন বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনার গতি অসমান, তা নিয়ে অনেকেই জল্পনা করছেন। অনেকের মতে, এশীয় অঞ্চলের দেশগুলিতে তাপমাত্রা বেশি থাকায়, তা করোনার সংক্রমণের গতিকে রোধ করেছে। তবে আমরা মনে করি যে এর পিছনে পরিবেশগত, সামাজিক বা শারীরিক কারণ নেই। বরং জৈবিক কারণই দায়ী।’’

সূত্র : আনন্দবাজার

কক্সবাজারে পুলিশের জালে আটকা ১৪ লাখ ইয়াবা ও ২ বস্তা টাকা

কক্সবাজারে পুলিশের জালে আটকা ১৪ লাখ ইয়াবা ও ২ বস্তা টাকা
নিউজ মেট্রো প্রতিনিধি
খুরুশকুল-চৌফলদন্ডী ব্রিজের পাশে ভারুয়াখালী খালে খালে নোঙ্গর করা একটি মাছ ধরা নৌকায় অভিযান চালিয়ে ৭ বস্তা ইয়াবা আটক এবং মাদক ব্যবসায়ী ফারুকের বাড়ি থেকে ২ বস্তা টাকা জব্দ করেছে কক্সবাজার পুলিশ। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত  একাধিক স্থানে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও টাকার সন্ধান পায় তারা।
বিস্তারিত হিসাবের পর জব্দকৃত ইয়াবার সংখ্যা ১৪ লাখ পিস ও টাকার পরিমাণ এক কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫০০ বলে জানিয়েছন পুলিশ কর্মকর্তারা।
এ বিষয়ে অবহিত করতে পুলিশের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে কক্সবাজার সদরের খুরুশকুল-চৌফলদন্ডী ব্রিজের পাশে ভারুয়াখালী খালে ডিবির চালানো অভিযানে সাত বস্তা ইয়াবার বৃহৎ চালান জব্দ করা সম্ভব হয়। এতে ১৪ লাখ ইয়াবা মিলে। এ ইয়াবা চালানের সাথে ট্রলার মালিকসহ দুজন পাচারকারীকেও গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও ২ জনকে আটক করা হয়। এরা হলেন, ট্রলার মালিক কক্সবাজার শহরের নুনিয়ারছরা এলাকার নজরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম ফারুক (৩৭), তার শ্বশুর আবুল কালাম (৫৫), শ্যালক শেখ আবদুল্লাহ (১৯) ও মোজাফফরের ছেলে মোহাম্মদ বাবু (৫৫)।
পুলিশ সুপারে বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে উখিয়ার ইনানীর রেজুরখাল মোহনা থেকে ইয়াবার বিশাল এ চালানটি তারা গ্রহণ করে চৌফলদন্ডী ঘাটে এনে খালাসের অপেক্ষা করছিল।
তিনি জানান, গ্রেফতারকৃত জহিরুল ইসলাম ফারুকের স্বীকারোক্তি মতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়ায় অভিযান চালায় পুলিশ। এসময় ফারুকের বাসার লাগোয়া তার (ফারুকের) মামা নয়নের খালি ভিটার টিনের ঘরের মাটির নিচ বিশেষ কায়দায় বস্তা ভরে লুকিয়ে রাখা দু’বস্তা টাকা জব্দ করা হয়। বস্তা খুলে তা গুনে এক কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা পাওয়া যায়।

অবশেষে চট্টগ্রাম উঃ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি

অবশেষে  চট্টগ্রাম উঃ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি
নিউজ মেট্রো রিপোর্ট :
সম্মেলনের তের মাস পর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের আস্থাভাজনরাই বিশেষ গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে।
তবে যোগ্যতা সম্পন্ন ও ত্যাগী নেতাদের কমিটিতে স্থান হয়েছে বলে মন্তব্য করে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেন, আমরা ৭৫ সদস্য বিশিষ্ট যে কমিটির প্রস্তাবনা দিয়েছিলাম সেটাই দলীয় হাই কমান্ড অনুমোদন দিয়েছে। এতে কোন ধরণের পরিবর্তন আনা হয়নি।
২০১৯ সালের ৭ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের গোপন ভোটে এম এ সালাম সভাপতি ও শেখ আতাউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁরা দু’জনই বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ঘনিষ্ট বলে পরিচিত।
কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও ১১জনকে সহ-সভাপতি, তিনজনকে যুগ্ম সম্পাদক ও তিনজনকে সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।
সম্মেলনের  তিনমাস পর গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় হাই কমান্ডের কাছে পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাবনা পাঠায় নব নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক। এর দশ মাস পর এ কমিটি অনুমোদন দেয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, কমিটিতে সহ-সভাপতি পদে হাটহাজারীর অধ্যাপক মো. মাঈনুদ্দিন, রাউজানের আবুল কালাম আজাদ, এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাঙ্গুনিয়ার আবুল কাশেম চিশতী, স্বজন কুমার তালুকদার, ফটিকছড়ির ইঞ্জিনিয়ার হারুন, এটিএম পেয়ারুল ইসলাম, সীতাকুন্ডের এড. মো. ফখরুদ্দিন, সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, মিরসরাইয়ের মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ ও জসীম উদ্দিন। যুগ্ম সম্পাদক পদে মিরসরাইয়ের নুরুল আনোয়ার চৌধুরী বাহার, রাউজানের দেবাশিষ পালিত, হাটহাজারী জসীম উদ্দিন শাহ। সাংগঠনিক সম্পাদক পদে সংসদ সদস্য ফটিকছড়ির খদিজাতুল আনোয়ার সনি, সীতাকুন্ডের মহিউদ্দিন বাবলু, রাঙ্গুনিয়ার নজরুল ইসলাম তালুকদার।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান এ প্রতিবেদককে বলেন, ‘ উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আমরা যেভাবেই কমিটি প্রস্তাবনা করেছিলাম সেভাবেই কমিটি অনুমোদন হয়েছে। আশা করছি এ কমিটির মাধ্যমে উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বহুলাংশে বৃদ্ধি পাবে।

বিক্ষোভে উত্থাল মিয়ানমার : কাঁদানে গ্যাস-জলকামান

বিক্ষোভে উত্থাল মিয়ানমার : কাঁদানে গ্যাস-জলকামান
মিয়ানমারের রাজধানী নেপিডোতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার মানুষ বিক্ষোভ করার সময় পুলিশ তাদের ওপর রাবার বুলেট চালিয়েছে।বিক্ষোভকারীদের দমনে পুলিশ কাঁদানে গ্যাস এবং জল-কামানও ব্যবহার করে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদ জানাচ্ছে বিক্ষোভকারীরা।
গতকাল সামরিক সরকার আরও নতুন বিধিনিষেধ জারি করলেও আজ চতুর্থ দিনের মতো এই বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতাদের মুক্তির দাবি জানাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছু শহরে বড় জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা এবং রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।
মঙ্গলবার সকালে পুলিশ নেপিডোতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে জল-কামান ব্যবহার করতে শুরু করে। কিন্তু পানির তোড়ের মুখেও বিক্ষোভকারীর পিছু হটেনি বলে জানাচ্ছে রয়টার্স বার্তা সংস্থা। বিক্ষোভকারীরা ‘সামরিক একনায়কতন্ত্রের অবসান চাই’ বলে শ্লোগান দেয়। এরপর পুলিশ বিক্ষোভকারীদের সতর্ক করতে ফাঁকা গুলি ছোঁড়ে। তারপর বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট চালায়।
বিবিসির বার্মিজ সার্ভিস নেপিডোর এক হাসপাতালে এক নাম প্রকাশে অনিচ্ছুক মেডিক্যাল অফিসারের সঙ্গে কথা বলেছে। তিনি জানিয়েছেন, দুজন বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছে। এদের একজনের মাথায় এবং একজনের বুকে আঘাত লাগে।
আরেকটি ক্লিনিকের জরুরী বিভাগের এক ডাক্তার জানান, তিনি এমন তিনজনকে চিকিৎসা দিয়েছেন যারা সম্ভবত রাবার বুলেটে আহত হয়েছে। তাদের এখন প্রধান এক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অনেক অসমর্থিত খবরে দাবি করা হচ্ছে অনেক জায়গায় পুলিশ পক্ষ ত্যাগ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিচ্ছে। অনেক জায়গায় পুলিশ ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভকারীদের যেতে দিয়েছে।
বিবিসির দক্ষিণ পূর্ব এশিয়া সংবাদদাতা জনাথান হেড জানিয়েছেন, এটা স্পষ্ট যে পুলিশ অফিসাররা এখন বিক্ষোভকারীদের দমনে আগের চেয়ে অনেক বেশি কঠোর চেষ্টা চালাচ্ছে। তবে এখনো তারা প্রাণহানি হতে পারে এমন ধরণের বল প্রয়োগ করছে না।
মিয়ানমারে ১৯৮৮ এবং ২০০৭ সালে কয়েক দশক ধরে চলা সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দমনের সময় অনেক বিক্ষোভকারী নিহত হয়।
ইয়াঙ্গনে জাতিসংঘের একটি ভবনের সামনে জড়ো হচ্ছিলেন যে বিক্ষোভকারীরা, তাদের একজন বিবিসির বার্মিজ সার্ভিসকে বলেছেন, “পাঁচ জনের বেশি মানুষের জমায়েত যে নিষিদ্ধ তা আমরা জানি। কিন্তু তারপরও আমরা এখানে এসেছি, কারণ আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের জননী সু চিকে মুক্তি না দেয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ চালিয়ে যেতে হবে।”
একজন নারী বিক্ষোভকারী বলেন, “তরুণদের একটা ভবিষ্যৎ আছে, কাজেই আমরা কোনভাবেই এটা মেনে নিতে পারি না… আমরা লড়াই চালিয়ে যাব, যতক্ষণ তাদের মুক্তি দেয়া না হয়‍।”
মানবাধিকারের ক্ষেত্রে অং সান সু চির ভূমিকা আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হলেও স্বদেশে তিনি তুমুল জনপ্রিয়। ২০২০ সালের নির্বাচনে তিনি বিপুল জয় পান।
সূত্র : বিবিসি