এবার একুশে পদক পাচ্ছেন ২১ জন বিশিষ্ট নাগরিক
নিউজ মেট্রো ডেস্ক :
বিভিন্ন ক্যাটাগরীতে ২১ বিশিষ্ট নাগরিককে এ বছর একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের স্মারকে এই তথ্য জানানো হয়েছে।
এবছর একুশে পদক প্রাপ্তরা হলেন- ভাষা আন্দোলনে মরহুম মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার) (মরণোত্তর), মরহুম শামছুল হক (মরণোত্তর) এবং মরহুম আফসার উদ্দিন (মরণোত্তর)। শিল্পকলা বিভাগে (সঙ্গীত) বেগম পাপিয়া সরোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ এবং সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম), নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকী, আবৃত্তিতে ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং আলোকচিত্রে পাভেল রহমান।
এছাড়া মুক্তিযুদ্ধে গোলাম হাসনায়েন, ফজলুল রহমান খান ফারুক এবং বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর)। সাংবাদিকতায় অজয় দাসগুপ্ত, গবেষণায় ড. সমীর কুমার সাহা, শিক্ষায় বেগম মাহফুজা খানম, অর্থনীতিতে ড. মির্জা আব্দুল জলিল, সমাজসেবায় প্রফেসর কাজী কামরুজ্জামান।
ভাষা এবং সাহিত্যে এই সম্মাননা পেয়েছেন কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী এবং গোলাম মুরশিদ।
বিকেএমইএ সদস্যদের সহযোগিতার আশ্বাস বন্ড কমিশনারের
নিউজ মে্ট্রো ডেস্ক
বন্ড কাস্টমস কমিশনরাট চট্রগ্রাম এর কমিশনার এ কে এম মাহবুবুর রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নে তৈরী পোশাক শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে, আর সে লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। বন্ড কমিশনারেটের পক্ষ থেকে বিকেএমইএর সদস্যদের কে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। বিকেএমইএ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে একথা বলেন তিনি।
বুধবার বন্ড অফিসে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বিকেএমইএ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পরিচালক মোঃ হাসান, মির্জা মোঃ আকবর আলী চৌধুরী, আহমেদ নুর ফয়সাল, বিকেএমইএর সাবেক পরিচালক মোঃ ফজলুল কাদের, বিকেএমইএর সদস্য সিরাজুল ইসলাম হাওলাদার।
বিকেএমইএ নেতৃবৃন্দ কমিশনারকে দায়িত্বভার গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, বন্ড কমিশনারেট পরিচালনার ক্ষেত্রে ব্যবহারকারীদের সাথে পরামর্শ গ্রহণ করে গার্মেন্টস্ সেক্টরের আমদানি ও রপ্তানি সংক্রান্ত বিরাজমান সমস্যা সমূহ নিরসনে সচেষ্ট হবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার মাহফুজুল হক ভুঁইয়া, বিকেএমইএর সিনিয়র যুগ্ম সচিব মোঃ আলতাফ উদ্দিন, সহকারী সচিব হিমেল বডুয়া প্রমুখ।
সুবিধাভোগী সংস্থাগুলো ১% সার্ভিস চার্জ দিলে স্বনির্ভর হবে চসিক
নিউজ মেট্রো প্রতিনিধি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, নগরীর সুবিধাভোগী সংস্থাগুলো যদি তাদের আয়ের এক শতাংশ সার্ভিজ চার্জ দেয় তাহলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আত্মনির্ভরশীল হবে এবং আশে-পাশে শহর ও উপশহরগুলোও চালাতে পারবে। বৃহস্পতিবার সকালে চিটাগাং সিনিয়রস্ ক্লাব লিঃ এর অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সুবিধাভোগী এই সংস্থাগুলো হলো চট্টগ্রাম বন্দর, কাস্টমস্ ও ইপিজেড। এই ইপিজেডে এক হাজার ছয়শতটি প্রতিষ্ঠান আছে। তাদের মাঝে মাত্র ১২ টির ট্রেড লাইসেন্স আছে। ইপিজেডের প্রতিষ্ঠানগুলোকে কোন কর দিতে হয় না। অথচ তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বেশী পরিমান সুবিধা ভোগী। তিনি আরো বলেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝেছি যে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দশ হাজারের বেশী জনবল আছে। কিন্তু এর মধ্যে এক হাজার জনও দক্ষ নেই। এই দক্ষ জনবল নিয়োগে সিটি কর্পোরেশনকে অগ্রানোগ্রাম অনুযায়ী ক্ষমতা দিতে হবে। তিনি উল্লেখ করেন যে, পরিচ্ছন্ন বিভাগে অতিরিক্ত জনবল আছে। তবে তারা অধিকাংশই কাজে নেই, হাজিরায় আছে।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারী করদাতাদের দেয়া অর্থে চলেন। তাই কর দাতাদের সম্মান করতে হবে। এ লক্ষ্যে কর আদায় পদ্ধতি সহজ করতে হবে। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা ও স্বাস্থ্য সেবাখাতকে গুরুত্বপ‚র্ণ হিসেবে অবহিত করে বলেন, সাবেক সিটি মেয়র জননেতা এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী এই দুটি খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। তাই এই দুটি খাত দেশে বিদেশে প্রসংশিত। তবে এই দুটি খাতে সিটি কর্পোরেশনকে বিপুল পরিমাণ ভ‚র্তুকি দিতে হয়। এই ভ‚তুর্কি সিটি কর্পোরেশনের জন্য বোঝা। শিক্ষা খাতে প্রাইমারী ও মাধ্যমিক স্তর পর্যন্ত চসিকের আওতায় থাকতে পারে। আমি এমনও জানি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আর্থিকভাবে স্বয়ং সম্প‚র্ণ সেগুলোকেও সিটি কর্পোরেশনের অধিনে আনা হয়েছে, এটা কোন প্রয়োজন ছিল না। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোকে লাভজনক হিসেবে আখ্যায়িত করে দুঃখ প্রকাশ করে বলেন, এসবের পরিচালনা ব্যবস্থায় ত্রæটি আছে। এই খাতে বিদেশী বিনিয়োগ করার জন্য আমি নির্বাচিত পরিষদকে আহবান জানাতে অনুরোধ করছি।
তিনি আরো উল্লেখ করেন যে, চট্টগ্রাম বন্দর অফিসিয়াল হিসেব অনুযায়ী বার্ষিক ৩৬ কোটি টাকা কর দেয় কিন্তু ন্যায্য হিসেব করলে সিটি কর্পোরেশন পাবে ২১৬ কোটি টাকা। আমি আশা প্রকাশ করবো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত পরিষদ এ ব্যাপারে প্রাপ্য হিস্যা আদায় করে নেবেন।
ক্যান্সার হাসপাতালের জন্য ভূমিমন্ত্রীর ৫ কোটি টাকা অনুদান
নিউজ মেট্রো প্রতিনিধি
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের একটি প্রকল্প ক্যান্সার হাসপাতাল ও রিসার্স ইনষ্টিটিউটের জন্য ৫ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি । বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এ ঘোষনা দেন তিনি।
ক্যান্সার হাসপাতাল ও রিচার্স ইনইস্টিটিউট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক এমপি সাবিহা মুসা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলতাফ হোসেন চৌধুরী , চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন দাতা সদস্যবৃন্দ, নির্বাহী সদস্য, ক্যান্সার হাসপাতাল নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন কমিটির সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী বলেন, বিশ্ব ক্যান্সার দিবসে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের চত্বরে ক্যান্সার হাসপাতাল ও রিচার্স ইনইস্টিটিউট নির্মাণের সিদ্ধান্ত নেওয়ায় এ হাসপাতাল ইতিহাস হয়ে থাকবে। করোনাকালীন মা ও শিশু হাসপাতালের অবদান অবিস্মরণীয়। অন্য হাসপাতালের ডাক্তার চাকরি ছেড়ে দিয়েছেন । অপরদিকে মা ও শিশু হাসপাতালের করোনা মোকাবেলায় অগ্রনী ভূমিকা রাখছে। এ হাসপাতালের জন্য তিনি প্রধানমন্ত্রীর তহবিল থেকেও অর্থিক অনুদান দিবেন বলে আশ্বাস দেন।
তিন পয়েন্ট এগুলো বাংলাদেশ
হুয়াওয়ের ‘গ্লোবাল কানেক্টিভিটি ইনডেক্স ২০২০ অনুযায়ী অনুযায়ী কোভিড ১৯-এর ক্রান্তিকালেও আইসিটি খাতে নিজের অগ্রগতি বজায় রেখেছে বাংলাদেশ। গত বছরের তুলনায় এবছর ব্রডব্যান্ড, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং আটির্ফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্ষেত্রে এগিয়েছে বাংলাদেশ। আর এর ফলে সার্বিকভাবে এবছর আরও তিন পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের খাতায়।
স¤প্রতি ৭৯ টি দেশের ডিজিটাল ক্ষেত্রে অবকাঠামো ও সক্ষমতার উপর ভিত্তি করে এই রিপোর্ট প্রকাশ করা হয়। এই প্রতিবেদনের লক্ষ্য হলো দেশ এবং শিল্পকে ডিজিটাল রূপান্তর সম্পর্কিত অনুমোদন, দিক নির্দেশনা দেয়া, এবং দেশগুলোর ডিজিটাল অগ্রগতির সঠিক মাত্রা তুলে ধরা। ২০১৫ সাল থেকে দেশগুলোতে সরবরাহ, চাহিদা, অভিজ্ঞতা এবং সম্ভাবনা; এই চার ক্ষেত্রের ৪০টি সূচকের ভিত্তিতে এই জিসিআই প্রতিবেদন প্রকাশ করেছে হুয়াওয়ে।
এখানে দেশগুলোকে ফ্রন্টরানার, এডোপটার ও স্টার্টার, এই তিন ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশ এই তালিকায় স্টার্টার গ্রুপে আছে। গত বছর এই স্টার্টার গ্রুপের দেশগুলোর গড় মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারের পরিমাণ আড়াই গুণ বেশি বেড়েছে, তাদের ৪জি সাবস্ক্রিপশন বেড়েছে, এবং তাদের মোবাইল ব্রডব্যান্ড ২৫% বেশি সাশ্রয়ী হয়েছে । এই অর্জনগুলি স্টার্টার দেশগুলোকে আরও ভাল ডিজিটাল পরিষেবা সরবরাহ করতে এবং অর্থনৈতিক বিকাশে নতুন সুযোগগুলি গ্রহণ করতে সক্ষম করেছে। পাশাপাশি, ই-কমার্সে তাদের ব্যয় ২০১৪ সাল থেকে প্রায় দ্বিগুণ হয়ে গেছে । জিসিআই ২০১৯ প্রতিবেদন অনুযায়ী এই স্টার্টার দেশগুলোর মধ্যে মোবাইল ফিনান্সিয়াল ক্ষেত্রে টপ মুভার হিসেবে নিজের জায়গা করে নিয়েছিল বাংলাদেশ।
জিসিআই ২০২০ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ থেকে এই পর্যন্ত ‘গ্লোবাল কানেক্টিভিটি ইনডেক্স’ বা বৈশ্বিক সূচকে আট পয়েন্ট এগিয়েছে বাংলাদেশ। আর সেই ৪০ টি সুচকের মধ্যে গত বছরের তুলনায়,২০২০ সালে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ৪জি সংযোগ বেড়েছে। পাশাপাশি এআই এবং আইওটি ক্ষেত্রে সম্ভাবনার হার বৃদ্ধি পেয়েছে।
গবেষণায় এসেছে, যে দেশগুলো উৎপাদনশীলতা বাড়িয়ে তুলতে পারে এবং ইন্টেলিজেন্ট কানেক্টিভিটিকে কাজে লাগিয়ে ডিজিটাল সেবা নিশ্চিত করতে পারে তারা অপেক্ষাকৃত বেশি সুফল পেয়ে থাকে। এবং এটি সরাসরি মাথাপিছু আয়কে প্রভাবিত করে। যে সমস্ত দেশ ডিজিটাল অবকাঠামোর দিকে এগিয়ে আছে সেই দেশগুলো কোভিড সৃষ্ট অর্থনৈতিক মন্দা কাটিয়ে তাড়াতাড়ি কাটিয়ে উঠতে সক্ষম। সার্বিকভাবে, অন্যান্য দেশগুলোকে এই মন্দা কাটিয়ে উঠতে দ্রুত লকডাউন শেষ করে আগের মতো অর্থনৈতিক কার্যকলাপ শুরু করতে হবে।
#প্রেস বিজ্ঞপ্তি
দেশের ৮ বিভাগে হবে ক্যান্সার হাসপাতাল
নিউজ মেট্রো প্রতিনিধি :
দেশের আট বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল তৈরি করা হবে। ক্যানসারসহ হার্ট ও কিডনির চিকিৎসার ব্যবস্থা থাকবে। মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
তিনি বলেন, ২৫০০ কোটি টাকা ব্যয়ে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। আটটি হাসপাতালে প্রায় ১০০০ বেড থাকবে।হাসপাতালগুলো তৈরি হয়ে গেলে অন্য বিভাগের লোকদের কষ্ট করে ঢাকায় আসতে হবে না। এতে অনেকাংশে এ রোগের চিকিৎসা পেতে মানুষের কষ্ট দূর হবে। সেজন্য আমাদের চেষ্টা চলছে।
হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শাহ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান প্রমুখ।
মিয়ানমারে সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান
মিয়ানমারে সোমবারের সেনা অভ্যুত্থান ব্যর্থ করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।
তিনি বলেন, নির্বাচনের ফল উল্টে দেয়াটা “অগ্রহণযোগ্য” এবং সেনা অভ্যুত্থানের নেতাদের বোঝাতে হবে যে, একটি দেশকে শাসন করার এটা কোন পদ্ধতি নয়।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্ভাব্য একটি বিবৃতির বিষয়ে আলোচনা করছে। তবে ধারণা করা হচ্ছে যে, সেনা অভ্যুত্থানের নিন্দা করা হয় এমন যেকোনো বিবৃতি আটকে দেবে চীন।
সামরিক বাহিনী ক্ষমতা নেয়ার পর নির্বাচিত নেতা অং সান সু চিকে গ্রেফতার করা হয়। মিয়ানমারের পুলিশ পরে মিস সু চি-র বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছে। আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনি রিমান্ডে রয়েছেন। আটক হওয়ার পর থেকে মিস সু চি কিংবা পদচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের কোন বক্তব্য পাওয়া যায়নি।
সেনা অভ্যুত্থানের নেতা ও সেনাপ্রধান মিন অং লাইংকে দেখা গেছে যে তিনি ১১ সদস্যের জান্তা গঠন করেছেন।
সামরিক বাহিনী এক বছর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং তাদের নেয়া পদক্ষেপের পক্ষে সাফাই হিসেবে গত নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন। ওই নির্বাচনে জয় পায় সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি।
খবর পাওয়া যাচ্ছে যে সামরিক সরকার দেশটিতে ফেসবুক বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে। কারণ তাদের মতে, সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্মটি “স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা” সৃষ্টি করছে।
বৃহস্পতিবার ব্যবহারকারীরা জানিয়েছে যে তারা ফেসবুকে ঢুকতে পারছে না। সেনা অভ্যুত্থানের বিরোধিতার জন্য খোলা একটি পেইজে লাখ লাখ লাইক রয়েছে।
জাতিসংঘের মহাসচিব মিয়ানমারে সাংবিধানিক নীতি পুনঃ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তিনি আশা করছেন যে নিরাপত্তা পরিষদে এ বিষয়ে একটি মতৈক্য হবে।
তিনি বলেন, “আন্তর্জাতিক সব সম্প্রদায়কে এ বিষয়ে ব্যবস্থা নিতে আগ্রহী করার জন্য প্রয়োজনীয় সবকিছুই করবো আমরা। যাতে করে মিয়ানমারের উপর পর্যাপ্ত চাপ প্রয়োগ করে এই অভ্যুত্থানকে ব্যর্থ করা যায়।”
“নির্বাচনের ফল এবং জনগণের ইচ্ছা উল্টে দেয়াটা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।”
“আমার মনে হয় মিয়ানমারের সামরিক বাহিনীকে বোঝানো সম্ভব হবে যে, এটি একটি দেশকে শাসন করার কোন পদ্ধতি হতে পারে না এবং এভাবে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।”
পশ্চিমা দেশগুলো এরইমধ্যে শক্তভাবেই সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে কিন্তু চীনের বিরোধিতার কারণে নিরাপত্তা পরিষদে এনিয়ে কোন একক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরিষদের ৫ স্থায়ী সদস্যের মধ্যে চীন একটি যার ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে।
বরাবরই আন্তর্জাতিক রোষের মুখ থেকে মিয়ানমারকে রক্ষায় ভূমিকা পালন করে আসছে বেইজিং এবং সাথে সতর্কও করেছে যে, অভ্যুত্থানের কারণে দেশটির উপর নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক চাপ পরিস্থিতিকে শুধু আরো খারাপের দিকেই নিয়ে যাবে।
মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতনের ঘটনায় নিরাপত্তা পরিষদে রাশিয়ার পাশাপাশি চীনও মিয়ানমারকে সমালোচনার হাত থেকে রক্ষা করেছে।
সূত্র : বিবিসি
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি : তারেক রহমানের দুই বছর কারাদন্ড
নিউজ মেট্রো প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তির দায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সাত বছর আগে দায়ের করা এ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় নড়াইল জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আমাতুল মোর্শেদা বৃহস্পতিবার এ রায় দেন।
মামলার আসামী তারেক রহমানকে পলাতক দেখিয়ে যেদিন তিনি গ্রেফতার বা আদালতে স্বেচ্ছায় হাজির হবেন সেদিন থেকে এ রায় কার্যকর হবে বলেও জানিয়েছেন আদালত।
নড়াইল জেলার পাবলিক প্রসিকিউটর এমদাদুল ইসলাম জানান, মামলায় ২০১৪ সালের ১৬ই ডিসেম্বর যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান শেখ মুজিবুর রহমানকে “রাজাকার” ও “পাকবন্ধু” হিসেবে উল্লেখসহ নানা অবমাননাকর কটূক্তি করেন। ওই বছর ২৪শে ডিসেম্বর নড়াইলের কালিয়া আমলী আদালতে তারেক রহমানের বিরূদ্ধে মানহানির মামলা করেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস।
মিরাজের সেঞ্চুরি : প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৩০ রান
নিউজ মেট্রো প্রতিনিধি :
ওয়েস্ট ইন্ডিজের বিরূদ্ধে প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ৪৩০ রান করেছে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে এটি মিরাজের প্রথম শতরান।
আগের দিনের ৫ উইকেটে ২৪২ রান হাতে নিয়ে বৃহস্পতিবার সকালে ব্যাটিং শুরু করে বাংলাদেশ দল। কিন্তু শুরুতেই লিটন দাশকে হারিয়ে ধাক্কা খায় দলটি। দিনের তৃতীয় ওভারে ৯২ বলে ৪১ রান করে স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড আউট হন লিটন।
লিটন ফেরার পর সপ্তম উইকেট জুটিতে মিরাজকে সঙ্গী করে পরস্পর সমঝোতার মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের বিরূদ্ধে ব্যাট চালাতে থাকেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফিরে প্রথম ম্যাচেই ১১০ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি।
সাকিবের বিদায়ের পর মিরাজের অষ্টম উইকেট জুটিতে মিরাজের সঙ্গী হন তাইজুল ইসলাম। কিন্তু মাত্র ১৮ রান করে শ্যানন গ্যাব্রিয়েলের বলে আউট হয়ে যান তাইজুল। এরপরও একপাশ আগলে রেখে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান মিরাজ। ১৬১ বলে ১৩টি চারের মাধ্যমে তুলে নেন ১০৩ রান। তার উইকেটের মাধ্যমে ৪৩০ রানে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ।