নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এক সময় নারীরা একটি গণ্ডির ভেতর থাকতো, তারা এখন আর পিছিয়ে নেই। নারীরা রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে বিমান ও যুদ্ধ বিমানগুলোর চেয়ারেও নারীরা বসেছে। দুর্দান্ত গতিতে নারীরা সর্বত্র নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়ে সুদৃঢ় অবস্থান গড়ে তুলছে।
রোববার (৮ মার্চ) সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, মন্ত্রণালয়, সচিবালয় থেকে শুরু করে দেশের সকল দপ্তর-সংস্থা এমনকি বেসরকারী পর্যায়েও নারীরা কর্মরত থেকে তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। নারীদের অবদান দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। তাই নারীদের বাদ দিয়ে দেশের কাঙ্খিত উন্নয়ন কখনো সম্ভব নয়। এ জন্য আগামীতে চ্যালেঞ্জ মোকাবেলায় নারী-পুরুষ উভয়কে প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ হতে হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা’র যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা- প্রত্যাশী, ইপসা, বাপসা ও খান ফাউন্ডেশন।
জেলা প্রশাসক বলেন, আমরা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই-যেখানে আপনি, আমি এবং আমার সন্তানেরা নিরাপদ থাকবে। আমরা অন্য কাউকে দোষারোপ করতে চাই না, প্রত্যেকে নিজেদের পরিবর্তন ঘটাতে পারলে নৃশংসতা ও শিশু ধর্ষণসহ সকল নির্যাতন থেকে রেহাই পাবো। আমাদের মেধাবী সন্তানেরা দেশের বাইরে যাবে-এটা আমরা চাই না, আমরা প্রত্যেকে দেশপ্রেমে জাগ্রত হয়ে নিরাপদ সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করবো।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী। বক্তব্য রাখেন বেসরকারী উন্নয়ন সংস্থা প্রত্যাশী’র সহকারী পরিচালক (ট্রেনিং) মোহাম্মদ সেলিম ও ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু। চট্টগ্রামে কর্মরত সংশ্লিষ্ট এনজিও এবং নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।