Home Blog Page 39

স্বাধীনতা সংগ্রামে বেতারের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : তথ্যমন্ত্রী

স্বাধীনতা সংগ্রামে বেতারের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : তথ্যমন্ত্রী
নিউজ মেট্রো প্রতিনিধি :
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন,  ‘যতদিন বাংলাদেশ থাকবে, এদেশের স্বাধীনতা সংগ্রামে বেতারের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’। তিনি বলেন, শুধু স্বাধীনতা সংগ্রামেই নয়, স্বাধীনতা পরবর্তী দেশ গঠনেও বেতার তার ভূমিকা অব্যাহত রেখেছে। বিশ্ব বেতার দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার সদর দপ্তর আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এবং তথ্য সচিব খাজা মিয়া। বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহমেদ কামরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ড. হাছান মাহমুদ বলেন, যারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনেছেন, তারা জানেন মুক্তিকামী এদেশের মানুষের মাঝে কি উদ্যম-উদ্দীপনা জাগাতো সে সময়ের অনুষ্ঠান। আর মানুষ উন্মুখ হয়ে থাকতো তা শোনার জন্য। তিনি বলেন,  বঙ্গবন্ধুর দেয়া স্বাধীনতার ঘোষণা ১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম এম এ হান্নান পাঠ করেন। তিনি বলেন, পরদিন ২৭ মার্চ চট্টগ্রামে আওয়ামী লীগ নেতারা সেনাবাহিনীর একজন অফিসারকে দিয়ে ঘোষণাটি পাঠ করানোর সিদ্ধান্ত নেন। প্রথমে মেজর রফিকের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি রণাঙ্গনে ব্যস্ত থাকায় পরে কালুরঘাট অতিক্রম করে পটিয়ার দিকে যাত্রাকারী মেজর জিয়াউর রহমানকে বোয়ালখালী থেকে খুঁজে এনে ঘোষণাটি পাঠের দায়িত্ব দেয়া হয়। প্রথমে তিনি ভুল পড়েছিলেন, পরেরবার শুদ্ধ করে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাটি পড়েন। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাবার জন্য এটি শোনানো প্রয়োজন।’
স্বাধীনতা পরবর্তী দেশ গঠনেও বেতার তার ভূমিকা অব্যাহত রেখেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীসহ সারাদেশের মানুষের কাছে স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতির নানা বিষয় বেতার পৌঁছে দিচ্ছে। বঙ্গোপসাগরে মাঝি-মাল্লাদের কাছে বেতারই সম্বল, পাহাড়ের চূড়াতেও বেতারই শোনা যায়। করোনা পরিস্থিতি মোকাবিলাতে মানুষকে স্বাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন জরুরি বিষয়ে বার্তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ বেতার।
 এ বছর ইউনেস্কো ঘোষিত দিবসটির প্রতিপাদ্য ‘নতুন বিশ্ব নতুন বেতার’ উল্লেখ করে তথ্যমন্ত্রী জানান, যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বেতার এখন মোবাইল অ্যাপসে শোনা যায়, এ পর্যন্ত দেশের ৮ টি বেতার কেন্দ্রের অনুষ্ঠান অ্যাপসের আওতায় এসেছে। বেতারের চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান দেশব্যাপী সম্প্রচার শুরু হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এবং তথ্য সচিব খাজা মিয়া। বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহমেদ কামরুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

ইডিইউতে এমপিপিএল’র প্রাক্তন-বর্তমানের মিলনমেলা

ইডিইউতে এমপিপিএল’র প্রাক্তন-বর্তমানের মিলনমেলা
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) অন্যতম মর্যাদাপূর্ণ ও বিশেষায়িত স্নাতকোত্তর প্রোগ্রাম মাস্টার অব পাবলিক পলিসি এন্ড লিডারশিপ (এমপিপিএল) এর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়ে গেলো আজ শনিবার বিকেলে।
পলিসি নির্ধারণ ও প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষ ও বহুমাত্রিক নেতৃত্বের গুরুত্ব উপলব্ধি করে আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় দুটো পৃথক প্রোগ্রাম পাবলিক পলিসি ও লিডারশিপকে সমন্বয় করে গবেষণাধর্মী এ স্নাতকোত্তর প্রোগ্রামটি শুরু হয় ইডিইউতে। বিশেষায়িত এ প্রোগ্রামের বিশেষত্বই হলো এতে পড়ছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মরত ব্যক্তিবর্গ এবং শিক্ষক হিসেবে নিয়মিত শিক্ষকদের বাইরেও বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অভিজ্ঞ অধ্যাপক ও গবেষকগণ এতে পড়াচ্ছেন।
চট্টগ্রাম ও এর আশপাশের অঞ্চলে অবস্থানরত শিক্ষার্থীরা ও ইডিইউর নিয়মিত শিক্ষকগণ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মিলনমেলায় সরাসরি যোগ দেন এবং দেশের বাইরে অবস্থানরত শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা অনলাইনে অনুষ্ঠানে যোগ দিয়ে এ মিলনমেলার পূর্ণতা এনে দেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। তিনি বলেন, এ মাস্টার্স প্রোগ্রামে যেকোন ক্ষেত্রে কর্মরতদের বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে জোর দেয়া হচ্ছে। ইন্ডাস্ট্রিতে কর্মরতদের মাঝে নৈতিক ও উদ্ভাবনী নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি দক্ষতার সাথে প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের এতে যুক্ত করা হয়েছে। তাই এতে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক কাজের অভিজ্ঞতাপ্রাপ্ত ও কর্মরতদেরই পড়ার সুযোগ দেয়া হচ্ছে।
উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা পর্যায়ে এক নতুন মাত্রা যোগ করেছে এমপিপিএল। ইন্ডাস্ট্রিকে উন্নত করে একাডেমি। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির এ প্রোগ্রামটিকে সাজানো হয়েছে ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখে। ফলে, সরকারি-বেসরকারি সংস্থায় কর্মরতদের মাঝে আধুনিক ও যুগোপযোগী অভিজ্ঞতাসমৃদ্ধ জ্ঞান প্রদান করা হচ্ছে যাতে তারা প্রতিষ্ঠানের উন্নয়ন ও প্রসারে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, মাস্টার অব পাবলিক পলিসি এন্ড লিডারশিপ প্রোগ্রামের চেয়ারম্যান ও স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মু. রকিবুল কবির, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মু. নাজিম উদ্দিন, প্রক্টর ও সহকারী অধ্যাপক মু. আসাদুজ্জামান প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

বিশ্ব ভালবাসা দিবসে ওয়েল পার্ক রেসিডেন্সের বিশেষ আয়োজন

বিশ্ব ভালবাসা দিবসে ওয়েল পার্ক রেসিডেন্সের বিশেষ আয়োজন

১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসে বিশেষ আয়োজন করেছে ওয়েল পার্ক রেসিডেন্সের ৯ম তলায় মোহরা গার্ডেন রেস্টুরেন্ট। বিশেষ দিনগুলোকে বর্ণিল ও স্মরণীয় করে রাখতে ওয়েল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ওয়েল পার্ক বরাবরই আকর্ষনীয় আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় বিশ্ব ভালবাসা দিবসে প্রিয়জনকে সাথে নিয়ে কাটানো সময়ের রোমাঞ্চকর ও আনন্দঘন মূহূর্তকে ধরে রাখতে স্পেশাল ব্যুফে জনপ্রতি ৮৮৮++ টাকা, যুগলদের জন্য ক্যান্ডেল লাইট ডিনারে থাকছে ৬-১০ আইটেমের বিশেষ প্যাকেজ, অতিথিদের থাকছে বিশেষ ফটো বুথ। প্রতিবার দিবসটিতে খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় রোমান্টিক গানের আয়োজন থাকলেও এবার স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে সংগীতানুষ্ঠান করা হচ্ছে না। গানের অনুষ্ঠান রাখা না হলেও রোমান্টিক আবহ তৈরী করা হবে বলে জানিয়েছেন ওয়েল পার্কের জেনারেল ম্যানেজার এম. এ মনছুর। বিস্তারিত জানতে ও আগাম বুকিং দিতে ০১৮৪১৭৩৫৫৫৮, ০১৭৩০৭৯০১৮৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি

ভিটামিন ডি-র অভাবে ভোগেন ৭৬% ভারতীয়

ভিটামিন ডি-র অভাবে ভোগেন ৭৬% ভারতীয়
লকডাউনের আবহেই একটি স্বাস্থ্যসমীক্ষা সামনে এসেছিল। ভারতের ৮১টি শহরে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে ৭৬ শতাংশ ভারতীয় ভিটামিন ডি অভাবজনিত রোগে ভোগেন।
শুধু তাই নয়, সমীক্ষায় আরও দেখা গিয়েছে, ১৮ থেকে ৩০ বছর বয়সিদের মধ্যেই এর ঘাটতি বেশি।
 জলন্ধরের গার্ডিয়ান হাসপাতালের (Guardian Hospital, Jalandhar) চিকিৎসক সঞ্জীব গোয়েলের (Dr. Sanjiv Goel)তত্ত্বাবধানে এই সমীক্ষাটি হয়েছিল। সমীক্ষাটি প্রকাশিত হয়েছে International Journal of Research in Orthopaedics সেখানে সঞ্জীব লেখেন, ভিটামিন ডি (Vitamin D)অভাবের বিষয়টি এখনও দেশের মানুষের মধ্যে তেমন মান্যতা পায়নি। ভিটামিন ডিকে তিনি এক critical micronutrient বলে উল্লেখ করে বলেন, এটি পেশি হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনিতেও সামগ্রিক ভাবে স্বাস্থ্যের সুরক্ষাও নিশ্চিত করে ভিটামিন ডি। বিষয়ে যে দেশের মানুষের সচেতনতা জরুরি তা তিনি জানান। ভিটামিন ডি অভাবজনিত রোগকে তিনি এক নীরব মহামারির সঙ্গে তুলনা করেন
অ্যাবটের (Abbott) ডিরেক্টর শ্রীরূপা দাস (Dr. Srirupa Das) জানান, ভিটামিন ডি অভাবটা বয়স্কদের মধ্যেই দেখা যেত। তবে এই সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, এটা তরুণ প্রজন্মের মধ্যেও হচ্ছে। তিনি বিষয়ে গণসচেতনতা প্রচারের পক্ষে মত দেন। তিনি জানান, advanced Vitamin D Nanotechnology formulations ব্যবহার করে এই ঘাটতি পুষিয়ে দেওয়ার একটা চেষ্টা করা যেতেই পারে
আসলে সূর্যালোকই ভিটামিন ডি একমাত্র উৎস। কিন্তু ভারতীয়রা নানা সামাজিক সাংস্কৃতিক প্রতিবন্ধকতার জেরে এই ভিটামিন অর্জন করতে পারে না। খাবার এবং পোশাকের বিধিও এক্ষেত্রে সক্রিয়। এমনিতেও নগরায়ণ আধুনিক জীবনযাপন পদ্ধতি ভিটামিন ডি অভাবের বিষয়টিকে আরও বাড়িয়ে দিচ্ছে
এর মধ্যে আবার গোদের উপর বিষফোড়ার মতো লকডাউন দেখা দিয়েছে। এই সময়টা মানুষ এমনিই বাড়ি থেকে কার্যত বেরননি। মূলত ইন্ডোর হ্যাবিটের মধ্যে দিয়েই গিয়েছেন মানুষজন
সূত্র : জি নিউজ

মিয়ানমারে ইউএসএআইডি’র ৪ কোটি ডলারের সহায়তা প্রত্যাহার

মিয়ানমারে ইউএসএআইডি’র ৪ কোটি ডলারের সহায়তা প্রত্যাহার
নিউজ মেট্রো ডেস্ক :
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসআইডি) মিয়ানমার থেকে সোয়া চার কোটি ডলারের সহায়তা প্রত্যাহার করে নিয়েছে।সামরিক অভ্যুত্থানকে কেন্দ্র করে এ সহায়তা প্রত্যাহার করে নেয়া হয় বলে শুক্রবার সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ওই অর্থ মিয়ানমার সরকারের কাজে লাগত। কিন্তু অভ্যুত্থানের পর দেশটিতে কর্মসূচি পুনর্মূল্যায়ন করে এই সহযোগিতা না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
দ্বিপক্ষীয় কর্মসূচির আওতায় মিয়ানমারের জনগণের জন্য প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলারের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে মার্কিন সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি সকালে এক সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় সদ্য নির্বাচিত এনএলডি সরকার। দেশটির সেনাবাহিনী ওই দিন এনএলডি প্রধান অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন্ট মিন্টসহ বেশ কিছু রাজনৈতিক নেতাকে গ্রেফতার করে। এরপর এক বছরের জন্য জরুরী অবস্থা ঘোষণা করে দেশটির দায়িত্বভার নেয় সেনাবাহিনী।

১১ মার্চ পবিত্র শবে মি’রাজ

১১ মার্চ পবিত্র শবে মি’রাজ
নিউজ মেট্রো ডেস্ক:
বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪২ হিজরি সালের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি শনিবার পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ১৪ ফেব্রুয়ারি রবিবার থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। প্রেক্ষিতে ২৬ রজব ১৪৪২ হিজরি, ২৬ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ১১ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে মি’রাজ পালিত হবে।
আজ ঢাকায় সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আলতাফ হোসেন চৌধুরী।
সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মিজান-উল-আলম, ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফারুক আহম্মেদ (অতিরিক্ত দায়িত্ব), অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোঃ শাফায়াত মাহবুব চৌধুরী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহবুব আলম, বাংলাদেশ টেলিভিশনের উপপরিচালক মোঃ আবদুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মোঃ আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

হাইকোর্টের নির্দেশ পেলে আলজাজিরার বিরুদ্ধে ব্যবস্থা -তথ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশ পেলে আলজাজিরার বিরুদ্ধে ব্যবস্থা -তথ্যমন্ত্রী
নিউজ মেট্রো প্রতিনিধি :
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করি, হাইকোর্টের নির্দেশ পেলে আলজাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হাইকোর্ট যদি কোন আদেশ দেন এটিকে বন্ধ করার জন্য, সেক্ষেত্রে হাইকোর্টের আদেশ আমাদেরকে মানতে হবে।
শুক্রবার সন্ধ্যায় তথ্যমন্ত্রীর চট্টগ্রাম নগরীর বাসায় সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে বলেন, হাইকোর্ট তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিল আল জাজিরার রিপোর্টটা ইউটিউব এবং অন্যান্য চ্যানেল থেকে বাদ দেয়ার জন্য এটা বাদ দিচ্ছেননা কেন সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, আমরা চাইলে আলজাজিরার সম্প্রচার আমাদের দেশে বন্ধ করতে পারতাম, অনেক দেশে বন্ধ করা হয়েছে, এবং বন্ধ রয়েছে। এমনকি ভারতেও কিছুদিনের জন্য বন্ধ ছিল। এখনো ৬-৭টি দেশে আলজাজিরার সম্প্রচার বন্ধ আছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকার যেহেতু গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে তাই আমরা সেই উদ্যোগ নিইনি।
তিনি বলেন, স্বাধীনতার যেমন দরকার, দায়িত্বশীলতারও প্রয়োজন রয়েছে। কিন্তু স্বাধীনতা মানে এই নয়, ভুল, মিথ্যা, পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অপরের স্বাধীনতা হরণকারী সংবাদ পরিবেশন করা। এটা কোনভাবেই সমীচিন নয়। আলজাজিরার রিপোর্ট একটি মিথ্যা বানোয়াট, কিছু কাট পেস্ট করে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। এটি একটি ব্যক্তিগত আক্রোশের বশঃবতী হয়ে রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতারা অনেক ধরণের বিরোধীতা করে আসছিল, এখন তারাও ভ্যাকসিন নিচ্ছেন সাংবাদিকরা এবিষয়ে তথ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন-বিএনপি নেতারা করোনা ভ্যাকসিন নিয়ে অনেক অপপ্রচার চালিয়েছেন, তারা প্রথমে বলেছে সরকার ভ্যাকসিন সময়মতো আনতে পারবেনা, যখন সময়মতো চলে আসলো তখন বললেন এটি নিলে কোন কাজ হবেনা। এই ভ্যাকসিন দিয়ে বিএনপি নেতাদের মেরে ফেলতে চাচ্ছেন এধরণের কথাও বলেছেন তারা।
ড. হাছান মাহমুদ বলেন, নানা ধরণের প্রশ্ন তুলে, দায়িত্বহীন অনেক কথা বলে শেষ পর্যন্ত বিএনপির অনেক নেতা করোনা ভ্যাকসিন নিয়েছেন, এবং নেয়ার পক্ষে কথাও বলেছেন, সেজন্য তাদের সাধুবাদ জানাই। কথা আছেনা ‘গাধা জল ঘোলা করে খায়’, করোনা ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে বিএনপির ভুমিকাও সেরকমই ঘটেছে।
আমরা চাই তারা ভ্যাকসিন নিয়ে সুস্থ ও সবল থাকুক, তারা বিরোধী দল, বিরোধীতার ভুমিকায় তারা আছেন, আমাদের বিরোধীতা করুক- বলেন তথ্যমন্ত্রী।
জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভুমিকা আসলে কি ছিল সেটি নিয়ে নানা প্রশ্ন আছে। মুক্তিযোদ্ধার ছদ্মাবরনে তিনি প্রকৃতপক্ষে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছিলেন। তার খেতাব বাতিলের চুড়ান্ত সিদ্ধান্ততো হয়নি এখনো। এটা নিয়ে জামুকাতে আলোচনা হয়েছে মাত্র।
বিএনপির বিক্ষোভ সমাবেশ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপিতো বিরোধী দল, তারা বিক্ষোভ করতেই পারে। কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনসহ অন্যান্য যেসমস্ত ইস্যুতে তারা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তা হাস্যকর।
তিনি বলেন, বাংলাদেশ কিংবা পাশ^বর্তী দেশে যে ধরণের স্থানীয় সরকার নির্বাচন হয় সেই নিরিখে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন একটা ভালো নির্বাচন হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু কার্যত মাঠে ছিলনা। ভোটেরদিন তাদের কাউকে দেখা যায়নি।
তথ্যমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মতো একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে বিএনপির মহাসচিব কি চট্টগ্রাম এসেছিল ? তিনি কি নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন ? একটা মিটিং করেছেন ? অথচ তাদেরতো প্রচারণা চালাতে কোন অসুবিধা ছিলনা।
ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশনের নানা বাধ্যবাদকতার কারণে আমাদের দলের এমপি এবং মন্ত্রীদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল। মির্জা ফখরুল সাহেবসহ তাদের দলের নোতারা যারা প্রতিদিন নয়াপল্টনে কথা বলেন, তাদেরতো কোন সমস্যা ছিলনা। তারা কিন্তু আসে নাই। অর্থাৎ তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু মাঠে ছিলনা, এটি তাদের ব্যর্থতা এবং দলীয় দূর্বলতা, একারণেই এই শহরে তারা নির্বাচনে পরাজিত হয়েছে।

বিবিসি নিষিদ্ধ করল চীন

বিবিসি নিষিদ্ধ করল চীন

নিউজ মেট্রো ডেস্ক :

চীনে নিষিদ্ধ হলো বিবিসি। বৃহস্পতিবার চীনের প্রশাসন জানিয়ে দিয়েছে, তারা বিবিসির লাইসেন্স আর নবায়ন করবে না। ফলে চীনে বিবিসি আর দেখা যাবে না। চীনের অভিযোগ, বিবিসি সত্য সংবাদ পরিবেশন করে না এবং তাদের সংবাদ দেশের জাতীয় স্বার্থের বিরোধী। এক সপ্তাহ আগেই যুক্তরাজ্যের মিডিয়া রেগুলেটর অফকম দেশে চীনের জাতীয় টেলিভিশন চায়নাজ গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) প্রচার বন্ধ করেছিল। তারই জেরে চীন বিবিসি বন্ধ করল কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রতি বছরই লাইসেন্সের মেয়াদবৃদ্ধির জন্য চীনের প্রশাসনের কাছে আবেদন জানায় বিবিসি। এক বছরের জন্য তাদের মেয়াদও বৃদ্ধি হয়। কিন্তু বৃহস্পতিবার চীনের প্রশাসন জানিয়ে দেয়, এবছর তারা বিবিসির মেয়াদবৃদ্ধি করবে না। অর্থাৎ, চীনে আর বিবিসি দেখা যাবে না। দেশে ওই চ্যানেলটিকে নিষিদ্ধ করা হল। চীনের বক্তব্য, বিবিসি সত্য খবর পরিবেশন করে না। চীনের সার্বভৌমত্বে আঘাত লাগে, এধরনের খবর সেখানে পরিবেশিত হয়। শুধু তাই নয়, বিবিসিরি খবর দেশের জাতীয় স্বার্থের বিরোধী বলেও অভিযোগ করেছেন চীন।

বিবিসি অবশ্য এর উত্তর দিয়েছে। তারা জানিয়েছে, গোটা বিশ্বে সৎ এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য খ্যাত বিবিসি। চীনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

চীনে অবশ্য আগেও সর্বত্র বিবিসি দেখা যেত না। কেবল-টিভির বিভিন্ন চ্যানেল প্যাকেজে বিবিসি নেই। তবে বিভিন্ন হোটেলে বিবিসির সম্প্রচার দেখা যেত। নিষিদ্ধ হওয়ায় এবার আর তাও দেখা যাবে না।

এদিকে এক সপ্তাহ আগেই যুক্তরাজ্যের সংবাদ রেগুলেটর সংস্থা অফকম যুক্তরাজ্যে চীনের জাতীয় টেলিভিশনের প্রচার বন্ধ করেছিল। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধ করা হয়েছিল কিছু আইনি জটিলতার কারণে। যে ভাবে ওই চ্যানেলটি যুক্তরাজ্যে লাইসেন্স নিচ্ছিল, তা বেআইনি বলে দাবি করে অফকম। পরে অবশ্য চীন জানায়, তারা আইনি পথে লাইসেন্সের জন্য আবেদন করবে। কিন্তু অফকম তাতেও রাজি হয়নি। তাদের বক্তব্য, চ্যানেলটি নিয়ন্ত্রণ করে চীনের কমিউনিস্ট পার্টি। ফলে নতুন করে তাদের আবেদন গ্রহণ করা হবে না। এর এক সপ্তাহের মধ্যেই বিবিসিকে নিষিদ্ধ করার ঘোষণা করে চীন।

সূত্র : রয়টার্স, এএফপি, বিবিসি, ডয়চেভেলে

 

চসিক মেয়রকে শপথ করালেন প্রধানমন্ত্রী

চসিক মেয়রকে শপথ করালেন প্রধানমন্ত্রী

নিউজ মেট্রো প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ও তাঁর নির্বাচিত পর্ষদকে অভিনন্দন জানিয়ে বলেছেন,জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে এখন আপনাদের জনগণের হৃদয় জয় করে তাদের অধিকতর সেবা নিশ্চিত করতে হবে।  আওয়ামী লীগ এক যুগ ধরে ক্ষমতাসীন। চট্টগ্রামের উন্নয়নের যে মেগা প্রকল্পগুলোর কাজ চলমান রয়েছে তার সুফল যেন নগরবাসী পেতে পারে সে ব্যাপারে ব্যবস্থাপনাগত কার্যক্রমগুলো সমন্বয়ের মাধ্যমে কার্যকর করা এখন আপনাদের দায়িত্ব। তিনি আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত চট্টগাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে গণভবন থেকে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করানোর পর একথা গুলো বলেন।

এর পরপর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি চসিকের নব নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান। এসময়  উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, শিক্ষা উপমন্ত্র্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, চসিকের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহম্মেদ এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল সরকার,কোষাধ্যক্ষ আবুদচ ছালাম, চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহামুদ,শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক হাসান মাহামুদ শমসের, সমাজকল্যান সম্পাদক মোহাম্মদ হোসেন, নির্বাহী সদস্য বখতিয়ার উদ্দিন খান,যুব লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, মহানগর যুবলীগের আহŸায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ প্রমুখ।

শপথ অনুষ্ঠান শেষে নব নির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী তাঁর নির্বাচিত পর্যদ ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে তাঁর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

মে মাসে সারা দেশে ইউপি নির্বাচন

মে মাসে সারা দেশে ইউপি নির্বাচন

নিউজ মেট্রো প্রতিনিধি :

আগামী মে মাসের মাঝামাঝি সারাদেশে বড় পরিসরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সভায় এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বৃহস্পতিবার ঢাকায় ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি)’ নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, বিদায়ী কমিটির সংবর্ধনা ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এ কথা জানান।

দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার। ২০১৬ সালে ২২ মার্চ থেকে জুন পর্যন্ত ৬ ধাপে এসব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
সিইসি বলেন, রমজানে নির্বাচন হবে না। মার্চ মাসেও কোন নির্বাচন করা সম্ভব হবে না। কারণ আমাদের ভোটার তালিকা তৈরি করা, সেটা চূড়ান্ত করা, তালিকার সিডি করে প্রার্থীদের দিতে হবে; এ সকল কাজে এক মাস সময় চলে যাবে। তিনি বলেন, এপ্রিলের ৭ তারিখে আরেক দফা পৌরসভা নির্বাচন হবে। একইসঙ্গে কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। কয়টি পৌরসভা ও ইউপিতে ভোট করা যায় তা পর্যালোচনা করে ১৭ ফেব্রুয়ারি কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে।

২০১৬ সালে মোট ছয় ধাপে ৪ হাজারের বেশি ইউনিয়নে ভোট আয়োজন করে কমিশন। প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হয় ২২ মার্চ। এরপর ৩১ মার্চ, ২৩ এপ্রিল, ৭ মে, ২৮ মে ও ৪ জুন ভোট হয়। তবে এবার ইউপি সংখ্যা কিছু বেড়েছে।

এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারসহ ইসি সচিবালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।